২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগ তোলা আসলাম-মানিককে শোকজের সিদ্ধান্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দুর্নীতির অভিযোগ তোলা শেখ জামালের ফুটবল কমিটির সদস্য শেখ মোহাম্মদ আসলাম ও কোচ শফিকুল ইসলাম মানিককে কারণ দর্শানের নোটিশ দেওয়া হবে। সোমবার জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পরিচালনা পর্ষদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 09:41 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

সোমবার জরুরি সভার পর এক সংবাদ সম্মেলনে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, আসলাম ও মানিক ছাড়াও ফুটবল সংগঠক আবু হাসান চৌধুরি প্রিন্স-এই তিন জনকে শোকজ নোটিশ দেওয়া হবে।

“যারা বাফুফে সম্পর্কে আপত্তিকর ও ভিত্তিহীন কথা বলেছেন, তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হবে এবং এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

“শেখ মোহাম্মদ আসলাম কিছুদিন আগে পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, তিনি কোনো পৃষ্ঠপোষক আনলে, তার মাধ্যমে বাফুফেতে কোনো অর্থ আসলে সেগুলো তসরুপ করা হয়। কাজ করতে না পারার অভিযোগও করেন তিনি। আমি বলব, কোড অব কন্ডাক্ট অনুযায়ী এগুলো বলতে পারেন না; কেননা, তিনিও ফেডারেশনের অংশ। তিনি যদি কাজই না করতে পারেন, তাহলে নির্বাচিত হওয়ার পরপরই তো পদত্যাগ করতে পারতেন,” যোগ করেন তিনি।

গত ১২ মার্চেই ঢাকার একটি হোটেলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব সভাপতি মঞ্জুর কাদেরের নেতৃত্বে ‘ফুটবল বাঁচাও’ ব্যানারে একাধিক সাবেক ফুটবলার, কোচ ও ক্লাব কর্মকর্তারা বাফুফের বর্তমান কমিটির কর্মকাণ্ড ও আর্থিক সচ্ছ্বতা নিয়ে প্রশ্ন তোলেন।

গত ২১ ফেব্রুয়ারি পদত্যাগের কারণ হিসেবে আসলাম সাংবাদিকদের বলেছিলেন, “অন্তরের দহন থেকেই পদত্যাগ করছি। ফুটবলটা মরে যাচ্ছে; সাবেক ফুটবলার হয়েও আমি তেমন কিছুই করতে পারছি না। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। যেহেতু কিছু করতে পারছি না, তাই পদ আঁকড়ে বসে থাকার কোনো মানে দেখছি না।”

এই সাবেক ফরোয়ার্ড গত ১২ মার্চের সংবাদ সম্মেলনেও বাফুফের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন।

চট্টগ্রামে গত শনিবার ইজিএমে তিন বছরের আয়-ব্যয়ের প্রতিবেদন ১১২ জনের কণ্ঠভোটে পাস নিয়ে প্রকার অসচ্ছ্বতা থাকার বিষয় অস্বীকার করেন মুর্শেদী। সংস্থাটির সহ-সভাপতি অভিযোগ করেন, যারা প্রশ্ন তুলেছেন, তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি।

“গত ১২ তারিখে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমাদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা ও ক্লাব পর্যায় থেকে ১১২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ছয় জন বিদেশে থাকার কারণে আসতে পারেননি এবং তা তারা চিঠি দিয়ে জানিয়েছেন। সেখানে সর্বসম্মতিক্রমে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই তিন বছরের অডিট রিপোর্ট পাস হয়েছে।”

“ওই দিনই আমাদের মোবাইলে কিছু ম্যাসেজ এসেছে, সেখানে বলা হয়েছে, ওখানে (চট্টগ্রামে) যারা গেছে, তারা চোর। জোর করে অনেক প্রতিনিধিদের দিয়ে অনেক কিছু করানো হয়েছে। কিন্তু অডিট রিপোর্টের বিস্তারিত তাদের কাছে পাঠানো হয়েছিল; এটার ব্যাপারে যদি কোনো মতামত থাকে, ফাইন্ডিংস থাকে, তা জানানোর জন্য, আলোচনার জন্য ৬ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আমরা ১০ মার্চ পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু তারা কিছুই জানাননি।”

চট্টগ্রামে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে ইজিএম করার সমালোচনাও হচ্ছে। এ বিষয়ে মুর্শেদী বলেন, “অভিযোগ এসেছে অর্ধকোটি টাকার ব্যয়বহুল সভা; এখানে বলছি ডেলিগেটদের যদি ঢাকাতে আনতে হতো, তাহলে তাদের পেছনেও খরচ হতো। অনেক করপোরেট হাউস এখন ইজিএম দেশের বাইরে করে।”