তিন বাহিনীর সঙ্গে স্বাধীনতা কাপের সেমিতে বিকেএসপি
স্বাধীনতা দিবস হকির সেরা চারে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার গ্রুপের শেষ খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেনাবাহিনীর কাছে ৭-৬ গোলে হারে বিকেএসপি। জয়ী দলের মিলন হোসেন দুটি, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, রিপন কুমার মোহন্ত, সাব্বির রানা ও সোহাগ একটি করে গোল দেন।
বিকেএসপির আশরাফুল ইসলাম পাঁচ গোল করেও হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। দলটির অপর গোলদাতা মহসিন।
সেনাবাহিনীর কাছে হারলেও ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ঠাঁই পেয়েছে বিকেএসপি। অ্যাজাক্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। অ্যাজাক্স ও বিকেএসপিকে হারিয়ে গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে সেনাবাহিনী।
দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে নৌবাহিনীর জয়টি ৫-২ গোলের। জয়ী দলের কৃষ্ণ কুমার তিনটি, কৌশিক ও রোম্মান সরকার একটি করে গোল দেন। বিমান বাহিনীর দুই গোলদাতা হাসান যুবায়ের নিলয় ও মাহবুব হোসেন।
দুই জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে নৌবাহিনী। ১০-১ গোলে বাংলাদেশ পুলিশকে উড়িয়ে স্বাধীনতা কাপ শুরু করেছিল তারা। পুলিশের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের সুবাদে গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছে বিমান বাহিনী।
আগামী রোববার প্রথম সেমি-ফাইনালে সেনাবাহিনী-বিমান বাহিনী ও দ্বিতীয় সেমি-ফাইনালে নৌবাহিনী-বিকেএসপি মুখোমুখি হবে।
