২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বিজেএমসি

জাতীয় মহিলা ফুটবলের মুকুট ধরে রাখতে পারেনি ময়মনসিংহ জেলা। একপেশে ফাইনালে বিজেএমসির কাছে ৭-১ ব্যবধানে উড়ে গেছে গত আসরের সেরা দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 08:40 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজেএমসির জয়ে সাবিনা আক্তার চারটি ও স্বপ্না তিনটি করে গোল দেন। ময়মনসিংহের ব্যবধান কমানো একমাত্র গোল সানজিদা আক্তারের।
 

গতিময়, গোছালো আক্রমণ দিয়ে গতবারের চ্যাম্পিয়নদের কোণঠাসা করলেও প্রথমার্ধে মাত্র এক গোল পায় বিজেএমসি। ষোড়শ মিনিটে সাবিনা গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ছয় গোল হজম করে ময়মনসিংহ। ৪৯তম মিনিটে স্বপ্নার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বিজেএমসি; ৭৭ ও ৮৮তম মিনিটে আরও দুই গোল দিয়ে হ্যাটট্রিক তুলে নেন স্বপ্না। ৬৯, ৮৫ ও ৮৯তম মিনিটে তিন গোল করেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ফরোয়ার্ড সাবিনা। ৭৪তম সানজিদা গোল করলেও ময়মনসিংহ ম্যাচে ফিরতে পারেনি।  চ্যাম্পিয়ন বিজেএমসি ৫০ হাজার টাকা ও রানার্সআপ ময়মনসিংহ জেলা ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে। ফাইনালে হ্যাটট্রিকসহ চার গোল করা সাবিনা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (২২টি) হয়েছেন। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের সানজিদা।