হিগুয়াইনের গোলে নাপোলির ড্র
গনসালো হিগুয়াইনের গোলে সেরি আতে ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নাপোলি।
নিজেদের মাঠে গত সোমবার ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন স্পেনের ডিফেন্ডার মার্কোস আলোনসো।
আলোনসোরই ভুলে পরের মিনিটে সমতায় ফেরে নাপোলি। মাঝমাঠ থেকে উড়ে আসা বল ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। এর সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে পাঠান নাপোলির আর্জেন্টাইন ফরোয়ার্ড হিগুয়াইন।
এই নিয়ে সেরি আর চলতি মৌসুমে ২৫ গোল হলো হিগুয়াইনের, এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনিই।
এর পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফিওরেন্তিনা। তবে দুবার তাদের গোলবঞ্চিত করে ক্রসবার।
এই ড্রয়ে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৬১।
৫৩ পয়েন্ট নিয়ে এএস রোমা আছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ফিওরেন্তিনা।
