পিএসভির মাঠে আতলেতিকোর হোঁচট
পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় এক জন বেশি নিয়ে খেলেও প্রত্যাশিত জয় পায়নি আতলেতিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডের প্রথম পর্বে নেদারল্যান্ডসের ক্লাবটির মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপরা।
নিজেদের মাঠে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে আইন্দহোভেন এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি পেয়েছিল আতলেতিকোই। ৩০তম মিনিটে গোল পেয়েই যেতে পারতো তারা, কিন্তু ফরাসি স্ট্রাইকার আন্তোনি গ্রিজমান গোলরক্ষককে একা পেয়েও আট গজ দূর থেকে ব্যর্থ হন। এর একটু পরে স্প্যানিশ মিডফিল্ডার কোকেও সহজ সুযোগ নষ্ট করেন।
৬১তম মিনিটে আক্রমণের ধার বাড়াতে আর্জেন্টিনার ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েতোকে তুলে অভিজ্ঞ স্ট্রাইকার ফের্নান্দো তরেসকে নামান আতলেতিকো কোচ। কিন্তু তিনিও দলকে সাফল্য এনে দিতে পারেননি, ৭০তম মিনিটে হুয়ানফ্রানের নিচু ক্রস পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন এই স্প্যানিশ তারকা।
এর খানিক আগে পিএসভির উরুগুয়ের স্ট্রাইকার গাস্তোন পেরেইরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সম্ভাবনা বাড়ে আতলেতিকোর। কিন্তু বাকি সময়ে প্রতিপক্ষের চেয়ে এক জন বেশি নিয়ে খেলেও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি তারা।
আগামী ১৫ মার্চে সেরা ষোলোর ফিরতি লেগের ম্যাচ খেলতে আতলেতিকোর মাঠে যাবে পিএসভি আইন্দহোভেন।
দিনের অন্য ম্যাচে ইউক্রেনের ক্লাব দিনামো কিয়েভকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
