খো খোতে ২ রুপা, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ
দক্ষিণ এশিয়ান গেমসের খো খোতে সোনা জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও পারেনি বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ফাইনালে হেরে গেছে তারা। ভারতের কাছে হেরে ছেলেরাও পেয়েছে রুপা।
ভারতের গুয়াহাটিতে মঙ্গলবার মেয়েদের ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের কাছে ১৬-১৪ স্কোরে হারে বাংলাদেশের মেয়েরা।
ছেলেদের ফাইনাল হয়েছে একপেশে। এসএ গেমসের দ্বাদশ আসরের স্বাগতিকদের কাছে বাংলাদেশের ছেলেরা ৩৭-১৪ ব্যবধানে হারে।
একই দিনে ব্যাডমিন্টনের পুরুষ ও মহিলা বিভাগের দলগত ইভেন্ট থেকে দুটি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।
এসএ গেমসের পঞ্চম দিন শেষে তিনটি সোনা, ১০টি রুপা ও ২৭টি ব্রোঞ্জসহ ৪০টি পদক নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
৭৮টি সোনা, ৩৬টি রুপা, ১০টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা পেয়েছে ১৭টি সোনা, ৩৭টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জ। পাঁচটি সোনা, ১২টি রুপা ও ২০টি ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তান।
