২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসকে নিয়ে আথলেতিকের বিপক্ষে বার্সা

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লুইস সুয়ারেস। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের আরেক তারকা ফরোয়ার্ড নেইমারের খেলা অনিশ্চিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:31 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

মেসিদের সতর্ক করলেন এনরিকে

বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে শেষ আটের দ্বিতীয় পর্বের ম্যাচটি শুরু হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায়।

বার্সেলোনার খেলা সবশেষ তিন ম্যাচে এক সঙ্গে খেলা হয়নি লিওনেল মেসি, সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণত্রয়ীর।

স্প্যানিশ কাপের শেষ ষোলোর প্রথম পর্বে এসপানিওলের বিপক্ষে ম্যাচ শেষে টানেলে প্রতিপক্ষের খেলোয়াড়দের উত্ত্যক্ত করার অপরাধে দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন সুয়ারেস। এসপানিওলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় পর্ব আর আথলেতিকের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে খেলতে পারেননি উরুগুয়ের এই স্ট্রাইকার।

চোটের কারণে এই টুর্নামেন্টের শেষ আটের প্রথম পর্বে খেলতে পারেননি মেসিও। মুনির এল হাদ্দাদি ও নেইমারের গোলে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা।

বার্সেলোনার সবশেষ ম্যাচে লা লিগায় মালাগার বিপক্ষে মেসি-সুয়ারেস খেললেও ছিলেন না নেইমার। ওই ম্যাচের আগে হ্যামস্ট্রিং পেশির চোটে পড়েন ব্রাজিলের অধিনায়ক।

এর পর দলের সঙ্গে অনুশীলন করলেও আথলেতিকের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে শঙ্কা আছে এখনও। এনরিকে বলেন, "সে ঠিক আছে। আমরা কোনো ঝুঁকি নেব না। কিন্তু সে অনুশীলন করে যাচ্ছে এবং সঠিক অবস্থায়ই আছে।"

আথলেতিকের বিপক্ষে ফিরতি পর্বের এই ম্যাচে সুয়ারেস ফেরায় অবশ্য খুশি হতে পারে বার্সেলোনা সমর্থকরা। সুয়ারেসের হ্যাটট্রিকেই যে গত ১৭ জানুয়ারি লা লিগার ম্যাচে নিজেদের মাঠে আথলেতিককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

শুধু তা-ই নয়, এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন গত রোববার ২৯তম জন্মদিন পালন করা সুয়ারেস। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২৯ ম্যাচে ২৯টি গোল করেন তিনি। ১৮ গোল নিয়ে লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল উরুগুয়ের এই ফরোয়ার্ডের।

বার্সেলোনার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও হারার আগেই হারতে চায় না আথলেতিক। দলটির স্প্যানিশ ফরোয়ার্ড আরিৎজ আদুরিস অন্তত সে রকমটাই বলেন।

“ভালো একটি ম্যাচ খেলতেই কাম্প নউতে যাব আমরা। পৃথিবীর সমস্ত উদ্দীপনা নিয়ে খেলব আমরা।”

প্রতিপক্ষের মাঠ থেকে প্রথম পর্বের ম্যাচটি জিতে আসলেও আথলেতিককে হালকাভাবে নিচ্ছেন না এনরিকে। বার্সেলোনা কোচ বরং শিষ্যদের সতর্কই করে দেন।

“আমি প্রথম লেগের মতো একইরকম আথলেতিক দলের আশা করছি। তারা বিপজ্জনক হতে পারে।”

“কি হতে পারে, আমরা জানি এবং ম্যাচটিকে আমরা হালকাভাবে নেব না। লড়াইটি এখনও উন্মুক্ত এবং আমরা সতর্ক যে, এটা কঠিন ম্যাচ হতে পারে।”

</div>  </p>