নাপোলির জয়, ইন্টারের হোঁচট
ঘরোয়া লিগে শীর্ষস্থান ধরে রাখার পথে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নাপোলি। শিরোপাপ্রত্যাশী আরেক দল ইন্টার মিলান ফের হোঁচট খেয়েছে।
সেরি আয় রোববারের ম্যাচে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারায় নাপোলি। নবম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের নৈপুণ্যে নাপোলি এগিয়ে যাওয়ার পর অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে।
৪৫তম মিনিটে ব্যবধান কমান আর্জেন্টিনার মিডফিল্ডার কোরেয়া। তবে ৬০তম মিনিটে ব্যবধান ফের বাড়ান নাপোলির স্লোভাকিয়ার মিডফিল্ডার মারেক হামসিক।
এই জয়ের পর শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ২১ ম্যাচে ৪৭।
গত দুই রাউন্ডে একটি করে ম্যাচ হারা ও ড্র করা ইন্টার এবার কার্পির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে।
সান সিরোয় ৩৯তম মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার রদ্রিগো পালাসিওর করা গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করতে যাচ্ছিল ইন্টার। তবে যোগ করা সময়ে কার্পির ইতালির ফরোয়ার্ড কেভিন লাসাগনা বল জালে জড়ালে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।
এই ড্রয়ের পর ইন্টারের পয়েন্ট ২১ ম্যাচে ৪১।
শনিবার রাতে এম্পোলির মাঠে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ফেরে দেশটির অন্যতম সফল ক্লাব এসি মিলান। ২১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
