শেষ আটে মুখোমুখি সেরেনা-শারাপোভা
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালেই মুখোমুখি হচ্ছে শিরোপাপ্রত্যাশী দুই তারকা সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় চতুর্থ রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের এক নম্বর যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন রাশিয়ার মার্গারিতা গাসপারিয়ানকে। একই কোর্টে অন্য ম্যাচে দ্বাদশ বাছাই সুইজারল্যান্ডের বেলিন্দা বেনসিচকে ৭-৫, ৭-৫ গেমে হারান পঞ্চম বাছাই রুশ তারকা সেরেনা।
অস্ট্রেলিয়া ওপেনের সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৪ বছর বয়সী সেরেনা। গত আসরের ফাইনালে শারাপোভাকে হারিয়েই এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে রোববার আরও জিতেছেন চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা।
র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা জোকোভিচকে জিততে কঠিন লড়াই করতে হয়েছে। চতুর্দশ বাছাই ফ্রান্সের জিল সিমোর বিপক্ষে ৪ ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে সার্বিয়ান তারকার জয়টি ৬-৩, ৬-৭, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে।
শেষ আটের লড়াইয়ে জোকোভিচ খেলবেন কেই নিশিকোরির বিপক্ষে। সপ্তম বাছাই জাপানের এই খেলোয়াড় নবম বাছাই ফ্রান্সের জো উইলফ্রেদ সোঙ্গাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন।
ফেদেরার অবশ্য প্রথম দুই রাউন্ডের মতো এদিনও সহজেই সরাসরি সেটে জেতেন। এই সুইস তারকা ৬-২, ৬-১, ৬-৪ গেমে হারান বেলজিয়ামের দাভিদ গফিনকে।
শেষ চারে ওঠার লড়াইয়ে তৃতীয় বাছাই ফেদেরার খেলবেন তমাস বের্দিচের সঙ্গে। ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের বের্দিচ স্পেনের রবের্তো বাউতিস্তাকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠেন।
