২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লা লিগায় জেতা সহজ নয়’

দুর্দম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনা মালাগার বিপক্ষে যেন থমকেই দাঁড়িয়েছিল। মাঝারি মানের দলটির বিপক্ষে কষ্ট করে জেতার পর কাতালুনিয়া ক্লাবটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা সহজ একটি ব্যাখ্যাই দিয়েছেন; লা লিগায় জয় পাওয়া এত সহজ নয়!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 04:59 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুরনো খবর:

মেসিদের প্রথমার্ধের খেলায় অখুশি এনরিকে
মেসির গোলে শীর্ষে বার্সেলোনা

মালাগার মাঠ থেকে গত শনিবার ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, “লা লিগায় জেতা এত সহজ নয়। আজ আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল; যেটা জিততে হতো। এই তিন পয়েন্ট আমাদের শীর্ষে রেখেছে।”

মুনির এল হাদ্দাদির গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে গেলেও ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মেসির অসাধারণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

ইনিয়েস্তার কাছে প্রথমার্ধে দলের এই পারফরম্যান্সের কোনো ব্যাখ্যা নেই।

“আমি এটা ব্যাখ্যা করতে পারছি না। এটা ব্যাখ্যা করা সহজ না।…আমরা স্বস্তিতে ছিলাম না। আমাদের ভুলগুলোর সুযোগ নিতে মালাগার খেলোয়াড়রা সব সময়ই যথাস্থানে ছিল।”

বার্সেলোনা যেভাবেই ম্যাচটি জিতুক না কেন, এই জয় লা লিগার শিরোপা লড়াইয়ে ভালোমতোই টিকিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নদের।

মিডফিল্ডার সের্হিও বুসকেতস তাই বললেন “তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাচই লিগ জেতায়।”

“প্রথমার্ধ খুব কঠিন ছিল। তখন প্রত্যেকটি ব্যক্তিগত লড়াইয়ে তারা আমাদের হারিয়েছে। …(দ্বিতীয়ার্ধে) তারা ক্লান্ত হয়ে পড়ে এবং আমরা আরও ভালো খেলি। সেই সময়ই লিও গোল করে।”

মালাগার বিপক্ষে দল বরাবরের মতো ভালো খেলতে না পারলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি চোট পাওয়া নেইমারের পরিবর্তে এ ম্যাচের প্রথম একাদশে খেলা মুনির।

“তিন পয়েন্ট পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। মালাগা খুব শক্তিশালী একটি দল। তারা সব সময়ই আমাদের ঝামেলায় ফেলে।”