২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের প্রথমার্ধের খেলায় অখুশি এনরিকে

মালাগার বিপক্ষে কষ্টের জয়ে শিষ্যদের প্রথমার্ধের খেলায় খুব একটা খুশি হতে পারেননি লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 04:14 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

স্পেনের লা লিগায় গত শনিবার মালাগার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন মুনির এল হাদ্দাদি। প্রথমার্ধেই গোলটি শোধ দিয়ে দেয় স্বাগতিকরা।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “মনে করা কঠিন, আমাদের কাছ থেকে এ রকম দুর্বল প্রথমার্ধ এসেছে কিনা। দ্বিতীয়ার্ধে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি; কিন্তু এরপরও আমরা স্বাভাবিকের চেয়ে বেশি ভুল করেছি।”

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অসাধারণ এক ভলিতে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি। এর পর আরও কিছু আক্রমণ করে বার্সেলোনা। রক্ষণেও প্রথমার্ধের চেয়ে ভালো করে তারা।

এনরিকে বলেন, “মালাগার বিপক্ষে সম্পূর্ণ একটি ম্যাচ খেলতে পারিনি আমরা। তবে বলা হয়ে থাকে যে, ভালো না খেলেও জেতাটাই ভালো দলের বৈশিষ্ট্য।”

“আপনি যখন ভালো খেলবেন তখন জয় পাওয়াটা সহজ।। আমরা খারাপ খেলেও তিন পয়েন্ট যোগ করতে পেরেছি।”