২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পায়ের পেশিতে চোট পেয়েছেন বেল

রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও চোট সমস্যা; পায়ের মাংসপেশিতে আঘাত পেয়েছেন গ্যারেথ বেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 09:53 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

গত রোববার রাতে লা লিগায় স্পোতিং গিহনের বিপক্ষে বিরতির খানিক আগে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন বেল। পরীক্ষার পর তার ডান পায়ের পেশিতে চোটের খবরটি মঙ্গলবার নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্তিংয়ের বিপক্ষে ওই ম্যাচে বেলের গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা বেলের এটা ছিল লিগে ত্রয়োদশ গোল। শেষ পর্যন্ত ম্যাচটি ৫-১ গোলে জেতে জিনেদিন জিদানের দল।

এই চোটে কত দিন বেলকে মাঠের বাইরে থাকতে হবে, তা অবশ্য জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে ওয়েলসের এই ফরোয়ার্ডকে।

একই চোটের কারণে এ মৌসুমে এর আগেও দুবার ছিটকে পড়েন বেল। প্রতি বারই দুই সপ্তাহ করে খেলার বাইরে ছিলেন তিনি।

২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে থাকা রিয়ালের জন্য বেলের ছিটকে পড়াটা ভাবনার কারণ হতে পারে।

সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৫।