আমি মারলে উঠতেই পারতো না: রোনালদো
ম্যাচ চলার সময় রাগের বশে প্রতিপক্ষের খেলোয়াড়দের শারীরিকভাবে আঘাত করে এর আগেও কয়েকবার শিরোনাম হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রোববার লা লিগার ম্যাচে স্পোর্তিং গিহনের এক খেলোয়াড়ের পা মাড়িয়ে দেওয়ার পর সমালোচনার জবাবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড জানিয়েছেন, ইচ্ছে করে এ কাজ করেননি তিনি। কারণ, তিনি লাথি মারলে নাকি উঠতেই পারতেন না প্রতিপক্ষ খেলোয়াড়!
ঘটনাটা ঘটে গত রোববার লা লিগায় রিয়াল ও স্পোর্তিংয়ে ম্যাচে। সান্তিয়াগো বের্নাবেউয়ের হওয়া ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো প্রতিপক্ষের মিডফিল্ডার নাচো কাসেসের পা মাড়িয়ে দিলেও ঘটনাটা রেফারির চোখ এড়িয়ে যায়। তাই শাস্তিও পেতে হয়নি তাকে।
এ প্রসঙ্গে রোনালদো বলেন, “এটা ইচ্ছাকৃত ঘটনা ছিল না। এজন্যে তারা (রেফারি) আমাকে একটা হলুদ কার্ড দিতে পারতো। আমি যদি ইচ্ছা করে মারতাম, তাহলে সে উঠতেই পারতো না।”
ওই ম্যাচে সহজেই ৫-১ ব্যবধানে জেতে রিয়াল। জোড়া গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।
