২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার দায় নিলেন মারুফুল

বঙ্গবন্ধু গোল্ড কাপে মামুনুলদের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন মারুফুল হক। বাংলাদেশ কোচের মনে হয়েছে, তার কোচিংয়ে কোথাও হয়ত ভুল ছিল বলেই ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারছে না দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 09:05 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে মারুফুল বলেন, “আসলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর ছেলেরা মানসিকভাবে ডাউন ছিল। আমি তাদের অনুপ্রাণিত করতে চেষ্টা করেছি। কাজও হচ্ছিল। কিন্তু চোটের কারণে আমি আজ সেরা টিম খেলাতে পারিনি। তবে এক কথায় ব্যর্থতা আমারই। দায়টা আমি নিচ্ছি।”

“প্লেয়াররা চেষ্টা করছে। কিন্তু পারছে না। হয়ত আমার কোথাও ভুল ছিল”, যোগ করেন টানা দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায় নেওয়া এই কোচ।

প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। লং পাসে কাজ না হওয়ায় কৌশলটাও বদলায়নি রাজু-হেমন্তরা। মারুফুল জানালেন, ‘অন দ্য গ্রাউন্ডে’ খেলার নির্দেশনা থাকলেও তার শিষ্যরা মাঠে নেমে তা ভুলে গিয়েছিল!

“দ্বিতীয়ার্ধে পায়ে পায়ে খেলার নির্দেশনা ছিল। গ্যাপগুলোতে বেশি পাস দেওয়ার কথা ছিল। কিন্তু তাড়াহুড়ো করে ছেলেরা নির্দেশনা ভুলে গেছে।”

সাফ ফুটবলে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের ফুটবল দিনকে দিন আরও পেছনের দিকে যাচ্ছে বলে শঙ্কার কথা জানিয়েছিলেন মারুফুল। গোল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর একই কথা জানান তিনি।

“আমাদের দেশের প্রেক্ষাপটে যারা প্রতিভাবান, তারাই জাতীয় দলে। কিন্তু আমরা যদি নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের দিকে তাকাই, তাহলে ওরা কি কাজ করেছে আর আমরা গত ১০ বছর একটা শক্তিশালী দল পাওয়ার জন্য আমরা কি করছি? ব্যবধানটা সেখানেই হয়ে যাচ্ছে এবং এটা দিন দিন বাড়বে।”

পুরনো খবর:

শহীদুলের ‘ভুলে’ ক্ষুব্ধ মারুফুল