২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদুলের ‘ভুলে’ ক্ষুব্ধ মারুফুল

বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ার দায় নিজের কাঁধে নিলেও গোলরক্ষক শহীদুল আলম সোহেলের ভুলের সমালোচনা করেছেন মারুফুল হক। দলের বাকিরা যে প্রতিপক্ষের কৌশল বুঝে খেলতে অভ্যস্ত নয়, তাও ক্ষোভের সুরে জানিয়েছেন বাংলাদেশ কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 10:01 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বাহরাইনের যুবাদের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে সেলিম আদেলের ক্রস লাফিয়ে পাঞ্চ না করে হাত দিয়ে নামিয়ে দেন শহীদুল; সামনে থাকা প্রতিপক্ষ দলের মিডফিল্ডার ইব্রাহিম আলহুতি হেডে বল জালে জড়িয়ে দেন। এ গোলেই স্বপ্ন শেষ হয়ে যায় স্বাগতিকদের।

ম্যাচ শেষের মারুফুল বলেন, “প্রতিপক্ষকে পড়তে না পারার অভ্যাস আমাদের বেশি। সোহেলের (শহীদুল) আশে পাশে কোনো হুমকি ছিল না। সে যদি তার চারপাশে পড়তে পারত, এটা হতো না। শুধু সোহেল না বাকিদেরও এ অভ্যাসটা নেই। ফুটবল জ্ঞানেও আমাদের ঘাটতি রয়েছে।”

গ্রুপ পর্বের দুই ম্যাচে বাংলাদেশের গোল পোস্টের নিচে আলো ছড়ান আশরাফুল ইসলাম রানা। শহীদুলকে সেরা চারের গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরানোর কারণ হিসেবে মারুফুল জানান,

“রানা পায়ের আঙুলে চোট পেয়েছে। সে কেডস পরতে পারছে না। অভিজ্ঞতার কারণে এ ম্যাচে শহীদুলকে নেওয়া হয়েছিল।”

শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে ছিটকে যাওয়া ফরোয়ার্ড জাহিদ হোসেনের অনুপস্থিতি খেলায় প্রভাব ফেলেছে বলে জানান মারুফুল।

বক্সের ওপরে বিপজ্জনক এলাকায় দুই বার প্রতিপক্ষকে ফাউল করেন ইয়াসি খান। গোলের সুযোগ নষ্টের সঙ্গে প্রতিপক্ষ গোলরকক্ষককে ফাউল করে হলুদ কার্ড পান মিঠুন চৌধূরী ও শাখাওয়াত হোসের রনি। অকারণ ব্যকপাসের ছড়াছড়িও ছিল মামুনুলদের খেলায়।

জাতীয় দলের প্রতি খেলোয়াড়ের নিষ্ঠা নিয়েও প্রশ্ন তোলেন কোচ, “কারো কারো মধ্যে দায়বদ্ধতার ঘাটতি আছে। কারো কারো নেই।”