‘ফেভারিট’ বাহরাইনের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ
বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনাল সামনে রেখে বাহরাইন কোচ মারজান ইদের দাবি, তার তরুণ দলটিই ফেভারিট। সেরা চারের বাধা পেরিয়ে ফাইনালের মঞ্চে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ মারুফুল হকও।
আগামী সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে লক্ষ্য পূরণের আশাবাদ জানান দুই কোচ। অভিন্ন সুরে দুজনেই জানান, ম্যাচটা যে কারও জন্যই উন্মুক্ত।
গোল্ড কাপের গত আসরে বাহরাইন সেরা চারে উঠতে পারেনি। এবার এক জয়, দুই ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছে মারজানের শিষ্যরা। অন্যদিকে গত আসরের ফাইনালে খেলা বাংলাদেশ এবার সেরা চারে ওঠার পথে সমর্থকদের মন ভরানো ফুটবল উপহার দিতে পারেনি।
অধিনায়ক মামুনুল ইসলাম তাই ‘আরও ভালো’ খেলার প্রতিশ্রুতি দিয়ে সতীর্থ ফরোয়ার্ডদের কাছে নিজের চাওয়াটা জানান।
“শুরুর সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে; এটা পারলে আমাদের ফুটবলে সৌন্দর্য ফিরে আসতে পারে।”
গ্রুপ পর্বের তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে পাঁচটি; হজম করেছে তিনটি। শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারালেও মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করা ফেলডা ইউনাইটেড এফসি ও নেপালের বিপক্ষে ড্র ম্যাচে ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি, নাবীব নেওয়াজ জীবন গোলের একাধিক সুযোগ নষ্ট করেন।
এর সঙ্গে যোগ হয়েছে ফরোয়ার্ড জাহিদ হোসেনের জন্ম দেওয়া বিতর্ক। ভেতরের ঘটনা প্রকাশ না করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানায়, নেপাল ম্যাচের আগের রাতে শৃঙ্খলা ভাঙেন জাহিদ; এ কারণে গ্রুপের শেষ ম্যাচের দলে ছিলেন না তিনি এবং বাহরাইন ম্যাচেও এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা ক্ষীণ।
প্রতিপক্ষ দলে কোনো সমস্যা নেই। বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে গোল্ড কাপে আসা বাহরাইন দলটির কেউ চোটেও নেই। আনোয়ার-ইউসুফদের কেবল আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার অভাব।
দলটির কোচ মারজানও জানিয়েছেন, তার শিষ্যদের অনেকের জন্যই এই আসর প্রথম আন্তর্জাতিক কোনো আসর খেলার উপলক্ষ। তবে চোট সমস্যা না থাকায় তরুণ শিষ্যদের নিয়ে গড়া নিজের দলকে ফেভারিট দাবি করলেন অতিথি দলের কোচের।
“সেমিতে খেলা আমার খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ। আমি মনে করি, ভালো একটি ম্যাচ হবে। ম্যাচটা দুই দলের হন্য উন্মুক্ত থাকবে।”
মামুনুলরা চাপে আছে সেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকেই। ত্রিভান্দ্রামের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর গোল্ড কাপে নিজেদের এখনও মেলে ধরতে পারেনি তারা।
গতিময় খেলা বাহরাইনের বিপক্ষের ম্যাচটি জেতা সহজ হবে না মানছেন মামুনুলও। তবে প্রতিপক্ষকে সমীহ করে, নিজেদের মেলে ধরতে না পারার অভিযোগ মেনে নিয়ে সেমি-ফাইনালের চাপ জিততে চান বাংলাদেশ অধিনায়ক।
“আমরা এই টুর্নামেন্ট শুরু করেছি চাপ নিয়ে। সবদিক থেকেই চাপ। আপনাদের (সাংবাদিকদের) পক্ষ থেকে চাপ; সমর্থকদের পক্ষ থেকে চাপ; (সাফ থেকে) কেন আমরা নিজেদের সেরাটা দিতে পারছি না-এত সব চাপ নিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছি”
“এটা আমাদের হোম ম্যাচ। সব কিছু আমাদের পক্ষে থাকবে। সেরা টিম হিসেবে আমরা ফাইনালে খেলতে চাই,” যোগ করে জাতীয় দলের এই মিডফিল্ডার।
