২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমির ‘চাপ’ জয়ের আশা মামুনুলের

আরও ভালো ফুটবল খেলে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে ওঠার লক্ষ্য মামুনুল ইসলামের। লক্ষ্য পূরণে নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা আর সবশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হওয়ার চাপটাও জিততে চান বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 09:14 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

আগামী সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ড কাপের প্রথম সেমি-ফাইনালে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিনের সংবাদ সম্মেলনে সেরা চারে আরও ভালো ফুটবল খেলার প্রতিশ্রুতি দেন মামুনুল।

“এটা আমাদের হোম ম্যাচ। সবকিছু আমাদের পক্ষে থাকবে। সেরা দল হিসেবে আমরা ফাইনালে খেলতে চাই। ভালো খেলার কোনো শেষ নাই। যখনই আমি একটা ম্যাচ খেলি, একজন খেলোয়াড় হিসেবে মনে করি, শেষ ম্যাচ যেমন খেলেছি, তার চেয়ে ভালো খেলার। দলের বাকি খেলোয়াড়রাও তাই মনে করে।”

“আমরা এই টুর্নামেন্ট শুরু করেছি চাপ নিয়ে। সবদিক থেকেই চাপ। আপনাদের (সাংবাদিকদের) পক্ষ থেকে চাপ; সমর্থকদের পক্ষ থেকে চাপ; (সাফ থেকে) কেন আমরা নিজেদের সেরাটা দিতে পারছি না-এত সব চাপ নিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছি,” যোগ করেন এই মিডফিল্ডার।

কোচ মারুফুল হকের মতো মামুনুলও বাহরাইনকে সমীহ করে কথা বলেন। প্রতিপক্ষ দলে তরুণ ফুটবলার বেশি থাকলেও তাদেরকে শক্তিশালী বলে জানান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডার।

“কথা হলো ১৭/১৮ বছর বয়সে অনেকে জাতীয় দলে সুযোগ পায়। সেরা খেলোয়াড় হয়। আমাদের দলেও ২১-২৩ বয়সী খেলোয়াড় আছে। বাহরাইনের প্রত্যেকটা ম্যাচ দেখেছি। তারা খুবই ভালো দল এবং দক্ষ। তবে এটা অজুহাত দেখাচ্ছি না, ভালো খেলেই জিততে হবে আমাদের।”