‘নব্বই মিনিটের’ ছকে মারুফুল
শুরুর দুই লক্ষ্য পূরণের পর এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠার ছক কষছেন মারুফুল হক। সেমি-ফাইনালের প্রতিপক্ষ বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলকে নির্ধারিত সময়েই হারিয়ে ফাইনালে উঠতে আশাবাদী বাংলাদেশের এই কোচ।
আগামী সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ড কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যাচের লক্ষ্য নিয়ে কথা বলেন মারুফুল।
“আমাদের প্রথম লক্ষ্য ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এরপর সেমি-ফাইনালে ওঠা। দুটো লক্ষ্যই আমরা পূরণ করেছি। এবার আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা।”
“কোনো দলই ম্যাচ নব্বই মিনিটের বাইরে নিতে চাইবে না। কেননা, কাছাকাছিই ফাইনাল। তাই নব্বই মিনিটে খেলা শেষ করার ট্যাকটিক্স কোচের থাকতে হবে এবং আমাদের খেলোয়াড়দেরও সেই মানসিকতা থাকতে হবে,” যোগ করেন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গত আসর থেকে খালি হাতে ফেরা এই কোচ।
এক জয় দুই ড্রয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ। এই কারণে হয়ত স্বাগতিক কোচ নির্ধারিত সময়ে ড্র করে খেলা অতিরিক্ত সময়ে নিতে চাইছেন না।
এক জয় ও দুই ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে জায়গা করে নেওয়া বাহরাইনকে সমীহ করার কথাও বলেন মারুফুল।
সর্বশেষ নেপাল ম্যাচের উদাহরণ টেনে ফরোয়ার্ডদের কাছে গোলের চাওয়াটা আবারও জানান বাংলাদেশ কোচ।
“শেষ ম্যাচে আমরা গোল হজম করিনি; এটা ভালো দিক। কিন্তু গোল পাইনি; এটাও খারাপ দিক।”
