২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে হারিয়েই সেমিতে ওঠার লক্ষ্য বাংলাদেশের

বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার জন্য নেপালের সঙ্গে ড্র-ই যথেষ্ট বাংলাদেশের জন্য। তবে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন কোচ মারুফুল হক।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 07:56 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পয়েন্ট সমান চার করে হওয়ায় দুটি দলের সামনেই রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে ওঠার হাতছানি।
 
পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে নেপালের (+১) চেয়ে এগিয়ে বাংলাদেশ (+২)।
 
ম্যাচটি ড্র হলেও তাই গোল পার্থক্যে এগিয়ে থেকে সেরা চার নিশ্চিত হবে গত আসরের রানার্সআপ বাংলাদেশের। তবে আগের দিন কোচ মারুফুল বলেন, “সেমিতে ওঠার জন্য ড্র করলেও হবে। তবে আমরা ড্র নয়, জয়ের জন্য মাঠে নামব এবং জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠতে চাই।”
 
মালয়েশিয়ার সঙ্গে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পর নেপাল ম্যাচ একই কথাই বলেছিলেন বাংলাদেশ কোচ। ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থাকা মালয়েশিয়া শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবে ধরে নিয়ে মারুফুল বলেছিলেন, “আমি মনে করি, পরের ম্যাচে মালয়েশিয়া তিন পয়েন্টই নিবে। সেহেতু নেপালের বিপক্ষে আমাদের অবশ্যই জিততে হবে।”
 
জয়ের বাইরে কিছু ভাবছেন না স্বাগতিক অধিনায়ক মামুনুল ইসলামও। নেপাল ম্যাচে সতীর্থদের কাছ থেকে সেরাটা চাওয়ার কথা জানিয়ে এই মিডফিল্ডার বলেন, “আমরা জানি, ড্র করলেও সেমিতে উঠব। কিন্তু আমরা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠতে চাই।”
 

মালয়েশিয়ার সঙ্গে ড্র করে গোল্ড কাপ শুরু করা নেপাল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। চলতি আসরে নিজেদের প্রথম জয়ে দারুণ উজ্জীবিত দলটি। তবে নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা মামুনুলদের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না বলেন জানান নেপাল কোচ বাল গোপাল মহারাজন। “এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হবে; কেন না বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। তবে ম্যাচে দুই দলের আমি সমান-সমান সম্ভাবনা দেখছি।” মালয়েশিয়া-শ্রীলঙ্কা ম্যাচের হিসাবটা মাথায় আছে নেপাল কোচেরও। তাই জয়ের ছকটা তিনিও কষছেন, “আশা করি, আমরা ম্যাচটি জিতব এবং সেমি-ফাইনালে উঠব।”