‘এই ড্র স্বস্তির নয়’
জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শেষ দিকের গোলে মালয়েশিয়ার সঙ্গে কোনোভাবে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বলে হতাশ মারুফুল হক। বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের ফলকে ‘স্বস্তি বা প্রাপ্তি’র বলে মানতে পারছেন না বাংলাদেশ কোচ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করা ফেলডা ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ৫৫তম মিনিটে মোহাম্মদ হাদিনের গোলে এগিয়ে যায় অতিথিরা। ৭৬তম মিনিটে মিঠুন চৌধুরী স্বাগতিকদের সমতায় ফেরান।
ম্যাচ শেষে মারুফুলের কন্ঠে ছিল জিততে না পারার হতাশা।
“যেহেতু আমাদের লক্ষ্য ছিল জেতা, সেহেতু আমি এই ড্রকে স্বস্তিরও বলব না, প্রাপ্তিরও বলব না।”
নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের লক্ষ্য নিয়ে মারুফুল বলেন, “দুইটা দলের (বাংলাদেশ ও নেপাল) চার পয়েন্ট। যেহেতু মালয়েশিয়া ভালো দল, আমি মনে করি, পরের ম্যাচে তারা তিন পয়েন্টই নেবে। সেহেতু নেপালের বিপক্ষে আমাদের অবশ্যই জিততে হবে।”
