২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ড্র

মালয়েশিয়ার প্রতিনিধি হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলতে আসা ফেলডা ইউনাইটেড এফসির সঙ্গেও পেরে ওঠেনি বাংলাদেশ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মামুনুলরা। তবে এই ড্রয়ে সেরা চারে খেলার আশা ভালোভাবেই বেঁচে আছে টুর্নামেন্টের গত আসরের রানার্সআপদের।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 08:55 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

পুরনো খবর:

‘এই ড্র স্বস্তির নয়’

এই ড্রয়ের পর চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানো নেপালের পয়েন্টও সমান চার, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা দ্বিতীয় স্থানে।

শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে গোল্ড কাপ শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে, নেপালের সঙ্গে ড্র করে আসা মালয়েশিয়া দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে।

সেমি-ফাইনাল নিশ্চিত করার ম্যাচে আগামী শুক্রবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে সেরা চারে ওঠার আশা নিয়ে মালয়েশিয়া খেলবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার সঙ্গে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করা ফেলডা ইউনাইটেড এফসির ফুটবলারদের গতির সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। তবে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার দৃঢ়তা আর ভাগ্যের জোরে কোনো গোল হজম না করেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় মিনিটেই নুর ফজলে ইলিয়াসের শট বাংলাদেশের পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর আব্দুল শুকুর জুসোহ ও ইয়াহইয়া আহমেদের প্রচেষ্টা দারুণ দক্ষতায় ফেরান শহিদুল আলম সোহেলের জায়গায় এ ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের নিচে দাঁড়ানো রানা।

চতুর্দশ মিনিটে বলার মতো প্রথম আক্রমণে যায় বাংলাদেশ। তবে অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর ডান দিক থেকে আক্রমণে যাওয়া জাহিদ হোসেনের ক্রস প্রতিপক্ষের নুরের পায়ে লেগে পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।

২১তম মিনিটে সোহেল রানার বদলে শুরুর একাদশে জায়গা পাওয়া হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ক্রসে জাহিদের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে বাংলাদেশের আরেকটি সুযোগ নষ্ট হয়।

প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য স্বাগতিকদের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে অতিথিরা। ৩৪তম মিনিটে ইয়াহইয়ার ক্রসে অধিনায়ক শুকর আদানের হেড ফেরান রানা।

এর পরপরই প্রথমার্ধের সেরা সুযোগটি হারান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জালে জোড়া গোল করা শাখাওয়াত হোসেন রনি। প্রতি আক্রমণে যাওয়া এই ফরোয়ার্ড প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন।

৪১তম মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে থেকে নুরের শট ওপরের পোস্টে লেগে ফিরে এলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মামুনুলের লম্বা করে বাড়ানো বল ধরতে পারেননি জাহিদ; এরপর অধিনায়কের ক্রস থেকে পাওয়া সুযোগও বাইরে মেরে নষ্ট করেন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে মলিন থাকা এই ফরোয়ার্ড।

৫৫তম মিনিটে এগিয়ে যায় মালয়েশিয়া। জামিয়ান জাইদির ক্রসে অতিথি দলের এক খেলোয়াড় হেড করতে ব্যর্থ হওয়ার পর জোরালো শটে রানাকে পরাস্ত করেন মোহাম্মদ হাদিন।

হেমন্তের জায়গায় মিঠুন চৌধূরী আর নাবীব নেওয়াজ জীবনকে তুলে জুয়েল রানাকে নামান বাংলাদেশ কোচ।

৭৬তম মিনিটে সমতার স্বস্তি ফেরে বঙ্গবন্ধু গ্যালারিতে আসা সমর্থকদের। জাহিদের ক্রসে মিঠুনের প্লেসিং শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে লেগেও ঠিকানা খুঁজে পায়। চার মিনিট পর জুয়েল আক্রমণে গেলেও বলের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে সুযোগ হারান।

শেষ দিকে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে খেললেও জয়ের জন্য দরকারি গোল পায়নি বাংলাদেশ। তবে পিছিয়ে পড়েও এক পয়েন্ট পাওয়ার স্বস্তিটুকু পেয়েছেন কোচ মারুফুল।