৬ গোলের ম্যাচে ম্যান ইউকে আটকে দিল নিউক্যাসল
দুই বার এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লুই ফন খালের দলকে রুখে দিয়েছে অবনমন অঞ্চলে থাকা নিউক্যাসল।
মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলের মাঠে পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোলে নবম মিনিটেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসি লিংগার্ড।
বিরতির কিছু আগে জর্জিনো ভাইনালডামের গোলে ব্যবধান কমায় নিউক্যাসল। ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে আলেক্সান্দার মিত্রোভিচ গোল করলে সমতায় ফিরে স্বাগতিকরা।
৭৯তম মিনিটে রুনি গোল করার পর মনে হচ্ছিল জিতেই যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের ৯০তম মিনিটে গোল করে নিউক্যাসলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন পল ডামেট।
দুই পয়েন্ট হারানোটাকে তাই হারের মতোই দেখছেন কোচ ফন গাল। ম্যাচ শেষে তিনি বলেন, “অবশ্যই মনে হচ্ছে আমরা হেরে গেছি। আমি আমার খেলোয়াড়দের বলেছি, আমরা জয়টা হাতছাড়া করেছি।”
ম্যাচে গোলের বেশ কয়েকটা সুযোগ নষ্ট করে ম্যানচেস্টার ইউনাইডেড। এ নিয়েও ক্ষুব্ধ কোচ।
“আমরা সহজেই ছয়টা গোল দিতে পারতাম, কিন্তু আমরা পারিনি। যদি পারতাম, তবে তিনটা টানা জয় নিয়ে লিভারপুলের মাঠে যেতে পারতাম।”
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী রোববার লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
