২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিস্মিত করেই যাবেন মেসি’

হ্যাটট্রিক বা এমন দারুণ পারফরম্যান্স দেখানো লিওনেল মেসির জন্য নতুন কিছু নয়। বার্সেলোনা কোচ লুইস এনরিকের মতে, গ্রানাদার বিপক্ষে সহজ জয় এনে দেওয়া মেসি সবাইকে নতুন সব বিস্ময় উপহার দিয়ে যাবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 03:35 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

লাইভ: বার্সা ৪-০ গ্রানাদা
মেসির হ্যাটট্রিকে বার্সার দুর্দান্ত জয়

মেসির হ্যাটট্রিকে স্পেনের লা লিগায় গত শনিবার কাম্প নউতে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। নেইমারের অন্য গোলটিতেও অবদান ছিল আর্জেন্টিনা অধিনায়কের।
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দিনে দিনে নিজেকেই ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠা মেসির জন্য বিশেষ প্রশংসা বরাদ্দ ছিল এনরিকের।  
 
“মেসি যা করছে তা তত দিনই থাকবে, যত দিন সে তা চালাতে চায়।”
 
“দিনের পর দিন সে শুধু নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে না, তার ব্যক্তিত্বও বিশ্ব সেরার সঙ্গে মানানসই। মেসি এক জন অনন্য খেলোয়াড়; এমন একজন, তার মতো খেলোয়াড় আমরা আর দেখব না।”
 
ব্যক্তিগত অর্জনের ডালিটা বলতে গেলে কানায় কানায় পূর্ণ চার বারের বর্ষসেরা ফুটবলার মেসির। তবে আর্জেন্টিনার এই তারকার কাছে দলের সাফল্য সবার আগে স্থান পায় বলে মনে করেন এনরিকে। 
 
“সব কিছুর উপরে, তার দল-কেন্দ্রিক মনোভাব বছরের পর বছর তাকে অনুপ্রেরণা জোগায়। সে যা চায়, তা হলো শিরোপা জয় আর দলকে সাহায্য করা।”
 
মেসির ব্যক্তিগত সাফল্যও আনন্দ দেয় এনরিকেকে।
 

“একই সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তার লক্ষ্য হচ্ছে, রেকর্ড ভেঙে যাওয়া। তার এটা করে যাওয়াটা বার্সেলোনার সমর্থকদের জন্য আনন্দের।” গ্রানাদার বিপক্ষে হ্যাটট্রিক নিয়ে এবারের লা লিগায় আর্জেন্টিনা অধিনায়ক মেসির ৯ গোল হলো। মৌসুমের শুরুর দিকে হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে না থাকলে সংখ্যাটা নি:সন্দেহে আরও বেশি হতো।  সব প্রতিযোগিতা মিলে ১০ মাসের বেশি সময় পর হ্যাটট্রিক পেলেন মেসি। তার শেষ হ্যাটট্রিক ছিল ২০১৫ সালের ৮ মার্চ; লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে।  ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি মেসির ৩৬তম হ্যাটট্রিক।