লাইভ: বার্সা ৪-০ গ্রানাদা
বার্সেলোনা ৪ - ০ গ্রানাদা
শেষ বাঁশি: বার্সেলোনা ৪ - ০ গ্রানাদা
৮৬: গ্রানাদার ডি-বক্সে বল নিয়ে পায়ের খেল নেইমার-সুয়ারেস-মেসির। গোল অবশ্য হলো না।
# লা লিগায় নেইমারের এটা পঞ্চদশ গোল। সমান ১৫টি গোল নিয়ে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন সুয়ারেস।
৮৩: গোল নেইমার; বার্সেলোনা (বার্সেলোনা ৪-০ গ্রানাদা)। অবশেষে গোল পেলেন নেইমার। তবে পুরো কৃতিত্বটাই মেসির। বল নিয়ে সামনে এগিয়ে ডানে দানি আলভেসকে পাস দিয়েছিলেন তিনি। এর পর আলভেসের নীচু ক্রস বাড়ালে হেলায় বল ছেড়ে দিলেন তিনি। জানতেন, নেইমার আছেন পেছনে। বল পেয়ে এবার আর বারে লাগাননি ব্রাজিল তারকা।
৭১: লা লিগায় বার্সেলোনার হয়ে অভিষেক হওয়া আর্দা তুরানকে তুলে নিলেন কোচ লুইস এনরিকে। কয়েক মিনিট আগে তুলে নিয়েছিলেন আলেইশ ভিদালকে। গত গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তারা। তবে বার্সেলোনার উপর নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি। তবে উঠে যাওয়ার সময় দর্শকদের করতালিতে বোঝা গেল, মন জয় করেছেন তারা।
# ২০১৬ সালে এ পর্যন্ত বার্সেলোনার করা ৭ গোলের ৫টিই মেসির। অন্য দুই গোলেও অবদান ছিল তার।
# সব প্রতিযোগিতা মিলে ১০ মাসের বেশি সময় পর হ্যাটট্রিক পেলেন মেসি। তার শেষ হ্যাটট্রিক ছিল ২০১৫ সালের ৮ মার্চ; লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটা তার ৩৬তম হ্যাটট্রিক।
৫৮: গোল… লিওনেল মেসি; বার্সেলোনা (বার্সেলোনা ৩-০ গ্রানাদা)। নেইমারের দুর্ভাগ্যে হ্যাটট্রিকটা হয়ে গেল মেসির। সের্হিও রবের্তোর দারুণ বাড়ানো বল ধরে খুব কাছ থেকে শট নিয়েছিলেন নেইমার। বল ফিরে এল বারে লেগে। ফিরতি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকটা তুলে নিলেন মেসি। "
৫৮: গোল… লিওনেল মেসি; বার্সেলোনা (বার্সেলোনা ৩-০ গ্রানাদা)।
৫০: দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিটে কিন্তু প্রথমার্ধের মতো একতরফা আক্রমণে যেতে পারেনি বার্সেলোনা।
# কাম্প নউতে খেলা দেখছেন ৭০ হাজার ৭২০ জন দর্শক।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু: গ্রানাদা দ্বিতীয়ার্ধে রুখতে পারবে ‘এমএসএন’ ত্রয়ীকে?
# বিরতির বাঁশি।আপাতত হাঁপ ছেড়ে বাঁচলেন গ্রানাদার খেলোয়াড়রা।
৪২: ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ হারালো বার্সেলোনা। রাকিতিচের বাড়ানো বল থেকে নেইমারের জোড়ালো শট লাগলো সাইড নেটে।
৩৯: আরেকটি সুযোগ হাতছাড়া বার্সেলোনার! আবার ‘এমএসএন’! সুয়ারেস-নেইমারের দুর্দান্ত আক্রমণটা সফল করতে পারলেন না মেসি। বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসির কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত করলেন গ্রানাদার দরিয়া।
৩৬: এবার নেইমারের মিস। ডি-বক্সে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠাতে চেয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। বল চলে গেল ক্রসবারেরও উপর দিয়ে।
৩১: হ্যাটট্রিকের সহজ সুযোগ হারালেন মেসি। ডান দিক থেকে আলেইশ ভিদালের নীচু ক্রসে মেসির শট ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন গোলরক্ষক। দশ বারের মধ্যে নয় বার এমন জায়গা থেকে গোল দিতে পারেন মেসি!
২৭: গোলের সহজ সুযোগ হারালেন সুয়ারেস। ডি-বক্সের ভেতর বল নেইমারের সঙ্গে দেওয়া নেওয়া করার পর সুয়ারেসের সামনে ছিল কেবল গোলরক্ষক। এত কাছ থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নিলেন লা লিগার এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা!
২৪: সুয়ারেস ডান দিক থেকে বল ডি-বক্সে বাড়িয়েছিলেন। মেসিকে রুখলেন গ্রানাদার ডিফেন্ডাররা।
১৬: নেইমার বল নিয়ে ঢুকে পড়েছিলেন ডি-বক্সে। তবে শট নিতে পারেননি।
১৪: গোল… লিওনেল মেসি; বার্সেলোনা (বার্সেলোনা ২-০ গ্রানাদা)। নেইমার থেকে সুয়ারেস হয়ে মেসি এবং গোল। দুরন্ত আক্রমণত্রয়ীর আরেকটি গোল। নেইমার বাঁ দিক থেকে বল বাড়িয়েছিলেন সুয়ারেসকে। উরুগুয়ের এই তারকা প্রথম ছোঁয়াতেই বল বাড়ালেন মেসিকে। কাছ থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দিতে কোনো ভুল হয়নি চারবারের বর্ষসেরা এই ফুটবলারের।
১৩: ডি-বক্সের ভেতর বল পেয়েছিলেন আর্দা তুরান। শট নেওয়ার ঠিক আগে শুয়ে পড়ে বাধা দিলেন গ্রানাদার এক ডিভেন্ডার।
# লিগে বার্সেলোনার হয়ে অভিষেক হলো আর্দা তুরান ও আলেইশ ভিদালের। গত গ্রীষ্মেই বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তারা। তবে বার্সেলোনার উপর নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি।
ম্যাচ শুরু: শুরু থেকেই বলের দখল স্বাগতিকদের।
# গ্রানাদার বিপক্ষে দারুণ সফল বার্সেলোনার সেরা তারকা মেসি; দলটির বিপক্ষে সাত ম্যাচ খেলে আটটি গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।
# বার্সেলোনা একাদশ: ব্রাভো, পিকে, রাকিতিচ, তুরান, সুয়ারেস, মেসি, নেইমার, আলবা, রবের্তো, ভিদাল ও ভারমালেন।
# গ্রানাদা একাদশ: আন্দ্রেস, মেন্দেস, লোমবান, দোরিয়া, বিরাগি, ক্রিন, পেরেস, রোচিনা, আগবো, সাকসেস, পেনারান্দা।
# গ্রানাদার বিপক্ষে শেষ ১২ বারের মুখোমুখি লড়াইয়ে ১১টিতেই জিতেছে বার্সেলোনা। ঘরের মাঠে লিগে গ্রানাদার বিপক্ষে শতভাগ সফল বার্সেলোনা; ২১ ম্যাচের সবকটি জিতেছে তারা। কাম্প নউয়ে গ্রানাদার সঙ্গে সবশেষ দেখায় ৬-০ গোলে জিতেছিল বার্সেলোনা, হ্যাটট্রিক করেছিলেন নেইমার, জোড়া গোল মেসির, অন্যটি ইভান রাকিতিচের।
# গ্রানাদার জালে অনেক গোলের প্রত্যাশা করতেই পারে বার্সেলোনা সমর্থকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে ১৪টি গোল করেছে বার্সেলোনা, খেয়েছে মাত্র ১টি।
# লিগে বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য ভালো নয়; শেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে তারা।
# কাম্প নউয়ে সবশেষ ম্যাচে গত বুধবার কোপা দেল রেতে এসপানিওলকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। এ বছরে লা লিগায় অবশ্য এখনও জয়ের অপেক্ষায় আছে তারা, গত শনিবার এই নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই গোলশূন্য ড্র করেছিল লুইস এনরিকের দল।
# এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে থাকা গ্রানাদার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে দুর্দান্ত ফর্মে থাকা মেসি-নেইমার-সুয়ারেসে গড়া ‘এমএসএন’ আক্রমণত্রয়ী। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ গোল করেছেন লুইস সুয়ারেস। নেইমারের গোল ১৪টি, চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকা মেসির ৬টি।
# ২০১৬ সালে লা লিগায় কাম্প নউয়ে প্রথম ম্যাচে খেলতে নামছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। গ্রানাদাকে হারাতে পারলে শীর্ষে উঠে যাবে দলটি। শীর্ষে আতলেতিকোর পয়েন্ট ১৮ ম্যাচে ৪১।
