২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের ঘুরে দাঁড়াতে বললেন মারুফুল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের হতাশা ভোলার একটা উপলক্ষ খুঁজছেন বাংলাদেশের কোচ মারুফুল হক। তাই খুব করে তিনি চাইছেন, বঙ্গবন্ধু গোল্ড কাপে তার শিষ্যরা ঘুরে দাঁড়াক; দলকে সাফল্য এনে দিক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

‘চাপ’ জয়ের প্রত্যয় এমিলির

গোল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য সোমবার যশোরের পথে রওনা দিয়েছেন মামুনুল-এমিলিরা। আগামী শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গোল্ড কাপ মিশন শুরু করবে মারুফুলের শিষ্যরা। যশোর রওনা দেওয়ার আগে শিষ্যদের কাছে চাওয়াটা জানান কোচ।
 
“মাত্র একটা সেশন (প্রস্তুতি) হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে সেভাবে বসিনি। কিন্তু আমি চাইব খেলোয়াড়রা ঘুরে দাঁড়াক; বঙ্গবন্ধু গোল্ড কাপের সাফল্য দিয়ে সাফের ব্যর্থতা কিছুটা হলেও দূর করুক।”
 
শিরোপা পুনরুদ্ধারের আশা নিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশনে গিয়েছিলেন মারুফুল। কিন্তু আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বেজে যায় তার দলের। 
 
বঙ্গবন্ধু গোল্ড কাপের অতীতও মামুনুলদের পক্ষে নেই। নিজেদের মাঠে হওয়া এই টুর্নামেন্টে একবারও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। তবে এবার আশাবাদী মারুফুল।
 

“আমি আশাবাদী; আশা করি, এই টুর্নামেন্টে দলের ফল ভালো হবে।” গত রোববার জাতীয় দলের ১২ ফুটবলারের নারায়ণগঞ্জ ডিসি কাপে ‘খ্যাপ’ খেলতে যাওয়া নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হননি মারুফুল। “আসলে এ বিষয়ে আমি জানি না। এটা খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়। একজন খেলোয়াড় কিভাবে তার ক্যারিয়ার গড়বে, নিজেকে ঠিক করবে, ফিট রাখবে, সে সেটা নিজে ভালো বুঝবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।” গোল্ড কাপে গ্রুপের পরের দুই ম্যাচে ১২ ও ১৪ জানুয়ারি যথাক্রমে মালয়েশিয়া ও নেপালের সঙ্গে খেলবে ; এ ম্যাচ দুটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।