এসপানিওল ম্যাচে নেইমারের উদ্দেশে বর্ণবাদী স্লোগানের অভিযোগ
এসপানিওলের বিপক্ষে ম্যাচ চলার সময় বার্সেলোনার তারকা নেইমারের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবাদী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।
বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ প্রসঙ্গে দলটির কোচ লুইস এনরিকে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসপানিওলের মাঠে শনিবার রাতে ড্র ম্যাচের পর ইনিয়েস্তা সাংবাদিকদের জানান, প্রথমার্ধে গ্যালারির এক কোণায় থাকা এক সমর্থক বর্ণবাদী স্লোগান দেয়।
বার্সেলোনার আরেক খেলোয়াড় ডিফেন্ডার জেরার্দ পিকে অবশ্য নিজে তা শোনেননি বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
“যারা এটা করেছে তারা দোষী, (সাধারণভাবে) এসপানিওল সমর্থকেরা দায়ী নয়। তাদেরকে আলাদা করে চিহ্নিত করা উচিত।”
রেফারি অবশ্য তার প্রতিবেদনে দর্শকদের কোনোরকম খারাপ আচরণের কথা উল্লেখ করেননি।
