২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামেসের পিছু নিয়ে রিয়ালের অনুশীলনে পুলিশ

বেশি গতিতে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা হামেস রদ্রিগেস। কলম্বিয়ার এই মিডফিল্ডারের পিছু নিয়ে ক্লাবটির অনুশীলন মাঠে যান তারা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 03:41 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

নতুন বছরে ক্লাবের প্রথম অনুশীলনে যাওয়ার সময় মাদ্রিদের একটি রাস্তায় ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে গাড়ি চালান হামেস। ওই রাস্তায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর অনুমতি আছে।

স্পেনের ক্রীড়া দৈনিক এএসের খবর অনুযায়ী, গত শুক্রবার রিয়ালের মিডফিল্ডার অনুশীলনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশের একটি গাড়ি রিয়ালের অনুশীলন মাঠের ফটকে আসে।

ক্লাবটির নিরাপত্তারক্ষীরা প্রথমে পুলিশকে থামায়। পরে সব শুনে তাদের ভেতরে যেতে দেয়।

দোষী সাব্যস্ত হলে মোটা অঙ্কের জরিমানা গুণতে হতে পারে হামেসকে। আর তার লাইসেন্সও জব্দ করা হতে পারে। গত বছর রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমার ক্ষেত্রেও এমনটা হয়েছিল।