বেনিতেসে ‘আস্থা’ রিয়ালের
লিগের শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ গোল। দুই ম্যাচেই আধিপত্য ধরে রেখে জিতলেও সমর্থকদের মন জয় করতে পারছেন না রাফায়েল বেনিতেস, প্রতি ম্যাচেই শুনতে হচ্ছে দুয়ো। তবে ক্লাবটির পরিচালক এমিলিও বুতরাগুয়েনো কোচের উপর আস্থা রাখছেন।
গেল সপ্তাহে রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে উড়িয়ে দেওয়ার পর গত বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ ব্যবধানে হারায় রিয়াল। দুই ম্যাচেই বেনিতেসকে দুয়ো দেয় সমর্থকেরা।
সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের পর বেনিতেসের উপর তার আস্থা আছে কি না প্রশ্নে বুতরাগুয়েনো বলেন, “হ্যাঁ, অবশ্যই।”
বেনিতেসের উপর সমর্থকদের ক্ষোভের শুরুটা অবশ্য বেশ কিছু দিন আগে। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে মৌসুমের শুরুটা দারুণ করলেও তারপরই পথ হারায় রিয়াল। সেভিয়ার কাছে হারের পরের ম্যাচেই ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় দলটি।
সেখান থেকেই বেনিতেসের কোণঠাসা হয়ে পড়ার শুরু্। দলের অধারাবাহিক পারফরম্যান্স আর সবশেষ কোপা দেল রেতে কাদিসের বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়কে খেলিয়ে টুর্নামেন্ট থেকে বহিষ্কার হওয়ার পর ক্ষোভ আরও বাড়ে।
এই মুহূর্তে লিগের পয়েন্ট তালিকায় ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। তবে কাতালুনিয়া দলটি এক ম্যাচ কম খেলেছে। রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮।
গত বছর এই সময়ে উয়েফা চ্যাম্পিয়নন্স লিগসহ চারটি শিরোপা জিতেছিল রিয়াল। সেখানে চলতি বছর কোনো শিরোপাই জেতেনি তারা।
বুতরাগুয়েনো অবশ্য এখনও হাল ছাড়ছেন না। আগামী বছর ঘুরে দাঁড়াতে আশাবাদী তিনি।
স্পেনের একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, “(এ বছর) ভিন্ন কেটেছে... আমি আশা করি, ২০১৬ ভালো কাটবে।”
