নেইমারকে রিয়ালের নিতে চাওয়ার খবর ‘গুজব’
স্পেনের গণমাধ্যমে ‘নেইমারকে রিয়াল মাদ্রিদের কিনতে চাওয়া’ নিয়ে প্রচার হওয়া অনুমাননির্ভর খবর ‘গুজব বলে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস যে কোনো মূল্যে ব্রাজিলের অধিনায়ক নেইমারকে দলে নিতে চান।
উদাহরণ হিসেবে ২০০০ সালে তখনকার বিশ্বের অন্যতম সেরা তারকা লুইস ফিগোর বার্সেলোনা ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই পর্তুগিজ তারকার ‘বাই আউট ক্লজ’ এর অর্থ পরিশোধ করে তাকে দলে নিয়েছিল মাদ্রিদের ক্লাবটি।
এবার অবশ্য অমন কিছু হবে না বলেই বিশ্বাস বার্সেলোনার কোচ এনরিকের। সাংবাদিকদের তিনি বলেন, “এগুলো গতানুগতিক ফুটবল গুজবের অংশ।”
এ মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন। তবে তার সঙ্গে নতুন চুক্তি করা নিয়ে আলোচনা চলছে।
