বোর্নমাউথকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো উঠে আসা বোর্নমাউথকে হারিয়ে জয়ের পথে ফিরেছে আর্সেনাল। নিজেদের মাঠে ২-০ গোলের এই জয়ে ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্সেন ভেঙ্গারের দল।
গত শনিবার সাউথ্যাম্পটনের মাঠে ৪-০ গোলে হেরেছিল আর্সেনাল। দুদিন আগে বিধ্বস্ত হওয়ার সে ধাক্কা এ জয়ে কাটিয়ে উঠল আর্সেন ভেঙ্গারের শিষ্যরা।
এমিরেটস স্টেডিয়ামে সোমবার রাতে ২৭তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মেসুত ওজিলের কর্নারে হেডে বল জালে জড়ান গাব্রিয়েল পাউলিস্তা।
গত জানুয়ারিতে আর্সেনালে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটাই লন্ডনের ক্লাবটির হয়ে প্রথম গোল। আর এ মৌসুমে ওজিলের সাহায্যে ১৬টি গোল পেল আর্সেনাল।
প্রথমার্ধের বাকি সময়েও এক টানা আক্রমণ করে যায় স্বাগতিকরা, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।
এ জয়ে আপাতত শীর্ষে ওঠা আর্সেনালের পয়েন্ট ১৯ ম্যাচে ৩৯। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যে অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। চতুর্দশ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২০।
