গোলরক্ষকদের নৈপুণ্যে সমতায় ম্যান ইউ-চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃসময় আরেকটু দীর্ঘ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির। চাপে থাকা দুই দলের খেলা গোলশূন্য ড্র হয়েছে। দুই গোলরক্ষক দাভিদ দে হেয়া ও থিবো করতোয়ার দারুণ কিছু সেভে লুইস ফন খাল ও গাস হিডিংকের শিষ্যদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
চেলসি ম্যাচের আগে সাত ম্যাচ দিয়ে জয়শূন্য ছিল ইউনাইটেড। শেষ ম্যাচে স্টোক সিটির কাছে ২-০ ব্যবধানের হারে কোচ ফন খালের ওপর চাপটা আরও বাড়ে।
অন্য দিকে, বরখাস্ত হওয়া জোসে মরিনিয়োর জায়গায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়া হিডিংক এখনও জয়ের দেখা পেলেন না। আগের ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তার দল।
আবার পয়েন্ট হারানোয় দুই দলের উপরই চাপ আরও বাড়বে।
সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে জয় না পেলেও ভক্তদের চাওয়া মতো আক্রমণাত্মক ফুটবলই খেলে ইউনাইটেড। ওয়েইন রুনিরা কিন্তু প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়িয়েছেন, গত কয়েক ম্যাচে যেটা মোটেও করতে পারেননি তারা।
প্রতিপক্ষের মাঠে গত ২৩ অগাস্টের পর লিগের কোনো ম্যাচ জিততে পারেনি চেলসি। নিষেধাজ্ঞার কারণে দলের সেরা স্ট্রাইকার দিয়েগো কস্তার অনুপস্থিতি কাজটা আরও কঠিন করে তোলে। অন্য স্ট্রাইকারদের চোটে শেষ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ স্ট্রাইকার ছাড়াই খেলতে হয় শিরোপাধারীদের।
নিজেদের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড। শুরুর একাদশে ফেরা রুনির চমৎকার পাস থেকে হুয়ান মাতার শট ক্রসবারে লাগলে সে যাত্রা বেঁচে যায় চেলসি।
দুই মিনিট পর এগিয়ে যাওয়ান সুযোগ পেয়ে যায় চেলসি। অতিথিদের হতাশ করেন গোলরক্ষক দে হেয়া। কর্নার থেকে জন টেরির হেড ফিরিয়ে দেন তিনি।
সপ্তদশ মিনিটে আবার হতাশায় ডুবতে হয় ইউনাইটেডকে। অন্তনি মার্সিয়ালের জোরালো শট চেলসি গোলরক্ষককে ফাঁকি দিলেও বারে লাগলে আরেকটি সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।
প্রথমার্ধের বাকি সময়টুকু আক্রমণাত্মক ফুটবল খেললেও সেভাবে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফন খালের শিষ্যরা। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলা চেলসি একজন বিশেষজ্ঞ স্ট্রাইকারের অভাব অনুভব করেছে দারুণভাবে।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত চেলসি। কিন্তু আবার অতিথিদের হতাশ করেন ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া। ৫২তম মিনিটে স্বদেশের ফরোয়ার্ড পেদ্রোকে হতাশ করেন তিনি। সিজার আসপিলিকুয়েতার ফিরতি প্রচেষ্টাও ব্যর্থ করেন তিনি।
ছয় মিনিট পর চেলসির ত্রাতা করতোয়া। মার্সিয়ালের পাস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় আন্দের এররেরাকে। কিন্তু ছয় গজ দূর থেকে নেওয়া এই ফরোয়ার্ডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন করতোয়া।
প্রতি আক্রমণ থেকে ৬৩তম মিনিটে এগিয়েই যাচ্ছিল চেলসি। পেদ্রোর অসাধারণ এক পাসে দে হেয়াকে একা পেয়ে যান নেমানিয়া মাতিচ। কিন্তু শট লক্ষ্যেই রাখতে পারেননি তিনি। অনেক ওপর দিয়ে মেরে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সার্বিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।
বাকি সময়ে দুয়েকটা সুযোগ তৈরি করলেও কোনো দলই সেগুলো কাজে লাগাতে পারেনি।
এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি।
দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়ে আপাতত শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পাওয়া আর্সেন ভেঙ্গারের দল এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।
