মাঝ মাঠের মামুনুলদের এগিয়ে রাখছেন মালদ্বীপ অধিনায়ক
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের পারফরম্যান্সের ব্যবচ্ছেদ চলছে। কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে মালদ্বীপের অধিনায়ক আশফাক আলির মূল্যায়ন, বর্তমান বাংলাদেশ দলের মাঝ মাঠ সবচেয়ে ভালো।
শিরোপাধারী আফগানিস্তানের কাছে ৪-০ ব্যবধানের হার; এরপর আশফাকের দল মালদ্বীপের কাছে ৩-১ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
২০০৩ সালের সাফল্যের পুনরাবৃত্তি হয়নি; উল্টো টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এ আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার লজ্জা সঙ্গী হয়েছে মামুনুলদের। সবাই যখন সমালোচনায় মুখর, তখন আশফাক মামুনুলদের প্রশংসায় পঞ্চমুখ হলেন!
বাংলাদেশের মাঝমাঠ বাকিদের চেয়ে এগিয়ে
মালদ্বীপের বিপক্ষে ম্যাচে তপু বর্মন, রায়হান হাসানের ভুলে শেষ দুটি গোল হজম করে বাংলাদেশ। ওই ম্যাচে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি গোলের সুযোগ হেলায় হারান। বদলি হিসেবে নেমে নাবীব নেওয়াজ জীবন ও জুয়েল রানাও দলকে ম্যাচে ফেরাতে পারেননি।
চোট কাটিয়ে মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডে ফেরেন জামাল ভুইয়া। মামুনুল-রাজুর সঙ্গে জামাল যোগ হওয়ায় মাঝ মাঠের নিয়ন্ত্রণ বাংলাদেশের মুঠোয় ছিলো। কিন্তু রক্ষণভাগ আর স্ট্রাইকারদের ভুলে হারই সঙ্গী হয়েছে মারুফুল হকের শিষ্যদের। ম্যাচের অভিজ্ঞতা থেকে শুধু মামুনুল-জামাল-রাজুর মাঝ মাঠকে এগিয়ে রাখলেন মালদ্বীপের এই ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।
“আমি মনে করি, দল হিসেবে বাংলাদেশ শক্তিশালী কিন্তু তাদের তিন মিডফিল্ডার বাকিদের চেয়ে ওপরে। মামুনুল-মিশুর সঙ্গেও আমার সম্পর্ক বেশ ভালো।”
বাংলাদেশের জালে আশফাকের শেষ গোল
ত্রিভান্দ্রামে গত শনিবার মালদ্বীপের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচটিই বাংলাদেশের বিপক্ষে আশফাকের খেলা শেষ ম্যাচ। প্রথমার্ধে পেনাল্টি থেকে বাংলাদেশের জালে গোলের আনন্দে মেতেছিলেন তিনি। তবে মালদ্বীপের এই তারকার মনে পড়ে ২০১১ সালে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে করা গোলটি।
“২০১১ সালে যে গোলটি করেছিলাম; সেটাই বেশি স্মরণীয়।”
আশফাকের স্মরণীয় ওই ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই আসরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।
‘আমার দেখা বাংলাদেশের সেরা দল’
এক যুগের লম্বা ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে অনেকবার খেলা হয়েছে আশফাকের। সেই জানা-দেখা থেকে বাংলাদেশ দলকে মূল্যায়ন করলেন সাফ ফুটবলে সর্বোচ্চ ২২ গোল করা এই তারকা।
“যাদের বিপক্ষে আমি খেলেছি, তাদের মধ্যে নতুন চেহারার এই বাংলাদেশ দল আমার দেখা সেরা এবং এ নিয়ে আমি কিন্তু মজা করছি না।”
গত দুই ম্যাচে স্ট্রাইকারদের ব্যর্থতায় মাত্র এক গোল পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভুল পাস আর রক্ষণের দুর্বলতায় সাত গোল খেয়েছে। আশফাকের মনে হচ্ছে দুর্ভাগ্যের শিকার মামুনুলরা।
“পাসিং ফুটবলে তারা ভালো। টেকনিক্যালিও ভালো কিন্তু আমি মনে করি, ম্যাচের ফলে তারা দুর্ভাগা ছিল।”
২০০৮ সালের আসরে প্রথম ও সর্বশেষবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতেছিল মালদ্বীপ। ত্রিভান্দ্রামে সেই সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন পূরণের পথে এগিয়েছে দলটি। বাংলাদেশ ও ভুটানকে বিদায় করে দিয়ে শিরোপাধারী আফগানিস্তানের সঙ্গে সেমি-ফাইনালে উঠেছে তারা। সাফে নিজের শেষটা রাঙিয়ে রাখার লক্ষ্যটাও জানান আশফাক।
