সান্ডারল্যান্ডের জালে সিটির গোল উৎসব
সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে আর্সেনালের কাছে হারা মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের জয়টি ৪-১ গোলের।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে সিটির জয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং, ইয়াইয়া তুরে, উইলফ্রেড বোনি, কেভিন ডি ব্রুইন। সান্ডারল্যান্ডের একমাত্র গোলটি করেন ফাবিও বোরিনি।
দ্বাদশ মিনিটে এগিয়ে যায় সিটি। ডি ব্রুইনের চমৎকার ক্রসে লাফিয়ে বল জালে পাঠান স্টার্লিং। ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। সপ্তদশ মিনিটে দাভিদ সিলভার কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তুরে।
সিটির তৃতীয় গোলটিতে বড় অবদান রয়েছে ডি ব্রুইনের। ২২তম মিনিটে তার ফ্রি কিক থেকে বল পাওয়া বোনির হেড জালে জড়ালে স্বাগতিকদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সিটি দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ব্যবধান বাড়ায়। বোনির কাছে বল পাঠাতে চেয়েছিলেন ডি ব্রুইন। কিন্তু এক খেলোয়াড়ের স্লাইডে আবার বল ফিরে আসে তার কাছে। ১২ গজ দূর থেকে এবার নিজেই বল পাঠান বেলজিয়ামের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
