বায়ার্ন ছাড়ছেন গুয়ার্দিওলা, আসছেন আনচেলত্তি
চলতি মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছেড়ে দেবেন কোচ পেপ গুয়ার্দিওলা। জার্মানির সেরা ক্লাবটির দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি।
৪৪ বছর বয়সী স্পেনের কোচ গুয়ার্দিওলা ইংলিশ প্রিমিয়ার লিগের বড় চারটি ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি বা আর্সেনালের কোনোটির দায়িত্ব নিতে পারেন বলে অনেকে মনে করছেন।
২০১৩ সালে বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে দুটি লিগ শিরোপা আর জার্মান কাপ জেতান বার্সেলোনার সাবেক এই কোচ।
বায়ার্নের সঙ্গে তিন বছরের চুক্তি করা ৫৬ বছর বয়সী আনচেলত্তি এ বছর রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর কোনো ক্লাবের কোচের দায়িত্বে নেই।
জার্মানির সংবাদপত্র বিল্ডকে বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেন, “গুয়ার্দিওলা আমাদের ক্লাবকে যা কিছু দিয়েছে এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। চলতি মৌসুমে আরও সাফল্য উদযাপন করতে পারব বলে আশা করি।”
জার্মানির বুন্দেসলিগায় ১৭ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে গুয়ার্দিওলার দল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব ইউভেন্তুস।
এসি মিলানের হয়ে দুটি আর রিয়াল মাদ্রিদের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলত্তি বায়ার্নের কোচ হতে পেরে দারুণ খুশি।
