২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চেলসিতে হিডিঙ্ক?

আবার চেলসিতে দেখা যেতে পারে গাস হিডিঙ্ককে। ৬৯ বছর বয়সী এই ডাচ কোচ বরখাস্ত হওয়া জোসে মরিনিয়োর জায়গায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটির অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শুক্রবার বিবিসি জানায়, এখন লন্ডনে রয়েছে হিডিঙ্ক। ব্লুজ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি। তবে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে বিবিসি।
 
২০০৯ সালে চেলসির কোচের দায়িত্ব নিয়েছিলেন হিডিঙ্ক। দলকে এফএ কাপ শিরোপা এনে দিয়েছিলেন তিনি।
 
এবারের লিগে ১৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট উপরে ষষ্ঠদশ স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। এখন পর্যন্ত শেষ হওয়া ১৬ রাউন্ডের নয়টিতে হেরেছে তারা।
 
চেলসিকে লিগ শিরোপা এনে দেওয়ার সাত মাসের মধ্যে গত বৃহস্পতিবার বরখাস্ত হন মরিনিয়ো। 
 
দুই মেয়াদে পিএসভি আইন্দহোভেনকে ছয়টি ডাচ লিগ শিরোপা ও একটি ইউরোপিয়ান কাপ এনে দেন হিডিঙ্ক। ২০০৯ সালে চেলসির দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়ার কোচ ছিলেন তিনি।
 
২০০৯ সালের ফেব্রুয়ারিতে লুইস ফেলিপে স্কলারির জায়গায় চেলসির কোচ হন হিডিঙ্ক। সে সময় একই সঙ্গে রাশিয়ারও কোচ ছিলেন তিনি। 
 
এরপর থেকে তুরস্ক, রাশিয়ার ক্লাব আনঝি মাখাচকালা ও নেদারল্যান্ডসে অসফল সময় কাটিয়েছেন হিডিঙ্ক। ইউরো ২০১৬ এর বাছাই পর্বে নেদারল্যান্ডসের বাজে খেলার মধ্যেই গত জুনে সরে দাঁড়ান তিনি। পরে ডাচরাও বাছাই পর্বের বাধা পার হতে পারেনি।