মরিনিয়োকে ‘ডুবিয়েছে’ চেলসির খেলোয়াড়েরাই
মৌসুমের শুরু থেকেই ব্যর্থতার গণ্ডিতে বন্দি চেলসির আরেকটি হতাশাজনক পারফরম্যান্সের পর লজ্জিত জোসে মরিনিয়ো। সবশেষ লেস্টার সিটির কাছে হারের পর এই পর্তুগিজ কোচ মনে করছেন, তার খেলোয়াড়রাই ডুবিয়েছে তাকে।
ইপিএলে সোমবার রাতে লেস্টার সিটির মাঠে ২-১ গোলে হেরে যায় চেলসি।
লেস্টারের কাছে এই হারে মরিনিয়োকে বেশি কষ্ট দিচ্ছে তার দলের গোল খাওয়ার ধরন। ৩৪তম মিনিটে টমাস ভার্ডি চেলসির দুই ডিফেন্ডারের ফাঁক গলে ভিতরে ঢুকে ভলিতে বল জালে জড়ান। আর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আলজেরিয়ার মিডফিল্ডার রিয়াদ মাহরেজ ডি বক্সের মধ্যে ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতাকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন।
এই দুই গোল খাওয়ার প্রসঙ্গে মরিনিয়ো বলেন, “আমরা দুটি গোল খেয়েছি যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আমি জানি, আমার অন্যতম সেরা গুণ হলো, আমি আমার খেলোয়াড়দের জন্যে ম্যাচ পড়তে পারি, প্রতিপক্ষকে বুঝতে পারি, প্রতিপক্ষ সম্পর্কে সব কিছু চিহ্নিত করতে পারি এবং এই দুই গোলও ...।”
লেস্টারের বিপক্ষে ম্যাচ শেষেই শিষ্যদের খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মরিনিয়ো। জানান, অনুশীলনে ছেলেরা সবকিছু ঠিকঠাক করে কিন্তু মাঠে তা না করতে পারাটা হতাশার।
লেস্টারের কাছে এই হার চলতি মৌসুমে লিগে গতবারের চ্যাম্পিয়নদের নবম পরাজয়। ১৬ রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠদশ স্থানে আছে দলটি; ‘অবনমন অঞ্চল’ থেকে মাত্র এক পয়েন্ট উপরে আছে তারা।
