২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেইমার এখন আরও পরিণত’

চার বছরের ব্যবধানে নেইমার অনেক বদলেছেন; আরও পরিণত হয়েছেন বলেই মনে করেন লিওনেল মেসি। বার্সেলোনা দলে নেইমারের সঙ্গে খেলতে পারাটাও আনন্দের বলে জানান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 05:46 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

চার বছর আগে সান্তোসকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা। সেই ম্যাচে সান্তোসের হয়ে খেলা নেইমার আর বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা নেইমারের সামর্থ্যের ব্যবধান নিয়ে ফিফা ডটকমের সঙ্গে কথা বলেন মেসি।
 
“এর পর (ক্লাব ওয়ার্ল্ড কাপ-২০১১) অনেক সময় গড়িয়েছে। একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে আমি তার দ্রুত বেড়ে ওঠা দেখেছি।”
 
“তখনই সে দুর্দান্ত একজন খেলোয়াড় ছিল। এখন সে আরও ভালো-সে আরও অনেক পরিণত”, যোগ করেন মেসি।
 
সান্তোসের সাবেক তারকা বর্তমানে বার্সেলোনার হয়েও আলো ছড়াচ্ছেন। গোলের পর গোল করে দলের জয়ে দারুণ ভূমিকা রাখছেন। চোটের কারণে মেসি প্রায় দুই মাস মাঠের বাইরে থাকলে সে শূন্যতাও পূরণ করেন ব্রাজিল অধিনায়ক।
 
২৩ বছর বয়সী নেইমারের সঙ্গে খেলতে পারা অনেক বড় প্রাপ্তি বলে জানান মেসি, “সত্যি বলতে, এখন তাকে পাশে পাওয়া আনন্দের।”