২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার সিটি

মৌসুমের শুরু থেকে একের পর এক চমক দেখানো লেস্টার সিটি এবার চেলসিকে হারিয়ে দিয়েছে।গতবারের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে ক্লাওদিও রানিয়েরির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 04:14 AM

Updated : 12 Oct 2022, 04:42 PM

এই দিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকলো লন্ডনের দলটি, যার দুটিতেই হার।
 
ঘরের মাঠে সোমবার রাতে ৩৩তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডির নৈপুণ্যে এগিয়ে যায় লেস্টার। ডান দিক থেকে মিডফিল্ডার রিয়াদ মাহরেজের উঁচু করে বাড়ানো বলে দুই ডিফেন্ডারের ফাঁক গলে দ্রুত ছয় গজ বক্সে ঢুকে হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন ভার্ডি।
 
এবারের ইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড ভার্ডির এটা পঞ্চদশ গোল। আর মাহরেজের সাহায্যে সপ্তম গোল পেল লেস্টার।
 
দ্বিতীয়ার্ধে শুরুতে মাহরেজ নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। বাঁদিক থেকে ইংলিশ মিডফিল্ডার মার্ক অ্যালব্রাইটনের দারুণ ক্রস ধরে ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান আলজেরিয়ার এই মিডফিল্ডার।
 
এবারের ইপিএলে মাহরেজের এটা একাদশ গোল।
 
৭৭তম মিনিটে জোরালো হেডে ফরাসি স্ট্রাইকার লোইক রেমি ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে শেষ পর্যন্ত লেস্টারের জয়ের পথে বাধা হতে পারেনি চেলসি।   
 
এই জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করা লেস্টারের পয়েন্ট হলো ১৬ ম্যাচে ৩৫।
 
সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৩৩।
 
১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠদশ স্থানে আছে চেলসি।