২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়ারিয়ালের মাঠে অঘটনের শিকার রিয়াল

লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলে টানা চারটি জয়ের পর আবারও পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের মাঠে একমাত্র গোলে হেরে গেছে রাফায়েল বেনিতেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 03:33 AM

Updated : 25 Apr 2022, 02:17 PM

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়ালকে এ দিন চেনাই যায়নি। পুরো ম্যাচে তারা গোলমুখে ১৯টি শট নিয়েছে, তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১টি। অন্যদিকে, ভিয়ারিয়ালের সাতটি শটের লক্ষ্যে ছিল ৩টি। তারই একটি গোলে রূপান্তর করেন রবের্তো সলদাদো।

নিজেদের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত ভিয়ারিয়াল। কিন্তু ভাগ্যের ফেরে মেক্সিকোর মিডফিল্ডার জোনাথন দস সান্তোসের জোরালো শটটি পোস্টে লাগে।

সে ধাক্কায় বেঁচে গেলেও চার মিনিট বাদেই গোল খেয়ে বসে অতিথিরা। ডি বক্সের বাইরে রিয়ালের লুকা মদ্রিচ নিয়ন্ত্রণ হারালে সতীর্থ সেদরিক বাকাম্বুর পা ঘুরে বল পেয়ে যান রবের্তো সলদাদো। প্রথম শটেই গোলরক্ষকের দুপায়ের মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করেন স্পেনের এই ফরোয়ার্ড।

ফরাসি ফরোয়ার্ড বাকাম্বুর ক্ষিপ্র গতিতে ফের বিপদে পড়তে যাচ্ছিল রিয়াল। পর্তুগিজ ডিফেন্ডার পেপের নৈপুন্যে রক্ষা মেলে।

২৪তম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। কিন্তু গ্যারেথ বেলের উঁচু করে বাড়ানো বলে করিম বেনজেমার নেওয়া হাফ-ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

চার মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটা সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন বাকাম্বু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দে ফেরার ইঙ্গিত দেয় বেল-জেনজেমারা। দুই মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ তৈরি করে তারা, তবে সাফল্য অধরাই থেকে যায়। দুটি আক্রমণেরই উৎস ছিলেন ওয়েলসের ফরোয়ার্ড বেল, দুবারই অল্পের জন্য ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

প্রথমার্ধের অধিকংশ সময় নিয়ন্ত্রণ করা ভিয়ারিয়াল ৫১তম মিনিটে আরেকটি সুযোগ হারায়। ২৫ গজ দূর থেকে সলদাদোর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস।

খানিক পরে ক্রিস্তিয়ানো রোনালদোর শট পোস্টে লাগলে ফের হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের। ৭৪তম মিনিটে এই পর্তুগিজ তারকার ক্রসে কাছ থেকে বেনজেমা লক্ষ্যভ্রষ্ট হেড করলে আর লড়াইয়ে ফেরা হয়নি রিয়ালের। 

পঞ্চদশ রাউন্ড শেষে রিয়ালের পয়েন্ট ৩০। 

দিনের অন্য ম্যাচে আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে বার্সেলোনাকে ধরে ফেলেছে আতলেতিকো মাদ্রিদ।

দুই দলেরই পয়েন্ট ৩৫, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সেলোনা।