২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের কাছে উড়ে যাওয়ার শঙ্কা ভিয়ারিয়ালের

মাঠের ব্যর্থতা কাটিয়ে উঠলেও এখনও সমর্থকদের মন জয় করতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে সব বিপত্তি দূরে ঠেলে চেনা রূপে ফিরতে মরিয়া স্পেনের সফলতম দলটি। লা লিগায় তাদের রোববারের প্রতিপক্ষ ভিয়ারিয়াল শিবিরে তাই রোনালদো-বেনজেমাদের কাছে বিধ্বস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 09:33 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

ভিয়ারিয়ালের মাঠে আগামী রোববার রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হার, লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে যাওয়া, সবশেষ এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড়কে খেলিয়ে কোপা দেল রে থেকে বহিষ্কার- সব মিলিয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে রিয়াল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে ৮-০ গোলে জয়ের ম্যাচেও তাই যেমন ‘দুয়ো’ শুনতে হয় রাফায়েল বেনিতেসকে।

ওই ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো একাই ৪টি গোল করেন। হ্যাটট্রিক করেন আক্রমণভাগের আরেক তারকা করিম বেনজেমা। গ্যারেথ বেলবিহীন ওই ম্যাচে রিয়ালের একটি ভালো দিক হলো পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলে তারা; প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পাঁচটি গোল করে।

দলগতভাবে কিছু সমস্যা ভুলে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি বেনজেমার জন্যে ভিয়ারিয়াল ম্যাচটি আবার ব্যক্তিগত এক ধাক্কা কাটিয়ে ওঠার উপলক্ষও। জাতীয় দল সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় করিম বেনজেমার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় তাকে বহিষ্কার করেছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।

সব মিলিয়ে রিয়ালের জন্য ভিয়ারিয়াল ম্যাচটি লা লিগায় নিজেদের পুরোপুরি ফিরে পাওয়ার সুযোগ। আর নিজেদের দিনে দলটির তারকানির্ভর আক্রমণভাগ কতটা ভয়ঙ্কর হতে পারে, তা তো গত মঙ্গলবার মালমোর সঙ্গে ম্যাচটিই বড় উদাহরণ।  

ভিয়ারিয়াল কোচের উদ্বিগ্ন হওয়াটাও তাই খুব একটা অযোক্তিক নয়। নিজেদের রক্ষণের দুর্বলতাও মার্সেলিনো গার্সিয়ার ভয়ের কারণ। গত ৭ ম্যাচে ১৩ গোল হজম করেছে তার দল।

গত বৃহস্পতিবার ইউরোপা লিগে চেক প্রজাতন্ত্রের দল ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে দুবার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে ভিয়ারিয়াল।

ওই ম্যাচের প্রসঙ্গ টেনে মার্সেলিনো বলেন, “আমাদের অবশ্যই রক্ষণের শক্তি বাড়াতে হবে কারণ এটা সর্বোচ্চ মানে নেই। (গত বৃহস্পতিবার) আমরা যে রকম রক্ষণ করেছি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে তেমন করলে তারা আমাদের সাত গোল দেবে।”

সব প্রতিযোগিতা মিলে ভিয়ারিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা খারাপ হলেও এ মৌসুমে লিগে এখনও বেশ ভালো অবস্থানে তারা। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি।

তাই খারাপ সময় পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারলে রিয়ালকে বড় পরীক্ষাতেই ফেলতে পারবে ভিয়ারিয়াল।