২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে জেগে ওঠা দেপোর্তিভো

ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে স্পেনের লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখার মিশনে নামছে বার্সেলোনা। আর এই লক্ষ্যে তাদের সামনে এবার গত মৌসুমে কোনোমতে অবনমন এড়িয়ে এবার দারুণভাবে জেগে ওঠা দেপোর্তিভো লা করুনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 11:25 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় নিজেদের মাঠ কাম্প নউয়ে বার্সেলোনাকে নামতে হচ্ছে দলের অদম্য গতিতে এগিয়ে চলায় বড় ভূমিকা রাখা নেইমারকে ছাড়াই। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাজিলের অধিনায়ক।  

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৬ গোল করা নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলে বার্সেলোনা। গত বুধবার বায়ার লেভারকুজেনের সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করে তারা।

দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচের আগে কারও কারও মনে প্রশ্ন উঠেছে; নেইমারকে ছাড়া এ ম্যাচে কী করবে বার্সেলোনা। কাতালুনিয়া ক্লাবটির কোচ তার বাকি শিষ্যদের ‘জাদুকরী’ এই ফরোয়ার্ডের অভাব পূরণে এগিয়ে আসার আহবান জানান।

“ব্যক্তিগতভাবে নেইমারের মতো খেলোয়াড়ের তুলনা অন্যদের সঙ্গে করা কঠিন। কিন্তু আমাদের অন্য সমাধান খুঁজে বের করতে হবে। তার অনুপস্থিতি যত কম সম্ভব টের পাওয়াতে হবে।”

লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল মেসি পায়ের পেছন দিকে চেপে ধরে মাঠ ছাড়ার পর কেউ কেউ মনে করেছিলেন, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আর্জেন্টিনার এই তারকা। গত বৃহস্পতিবার অনুশীলনে যাননি বলে এই ধারণা আরও জোর পেয়েছিল। কিন্তু দলের সবচেয়ে বড় তারকা অনুশীলনে ফিরেছেন। বার্সেলোনা সমর্থকদের তার খেলা নিয়ে আশ্বস্ত করেন এনরিকে।

“মেসি সম্পূর্ণ ভালো আছে। বার্সেলোনার সমর্থকরা নিরুদ্বেগ থাকতে পারে।”

বার্সেলোনার জন্য খুশির খবর আরও আছে; চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার সের্হিও বুসকেতস আর ডিফেন্ডার জেরেমি মাথিউ।

সব মিলিয়ে জয়ের আনন্দ নিয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এনরিকে। টুর্নামেন্টের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় মেক্সিকোর দল ক্লাব আমেরিকা বা চীনের গোয়াংজো এভারগ্রান্দের মুখোমুখি হবে বার্সেলোনা। আর টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২০ ডিসেম্বর।

১৪ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

পয়েন্ট তালিকায় নিজের অবস্থানটা ঠিক রাখতে চান বার্সেলোনা কোচ।

“কঠিন সময়ে আমাদের সমর্থকদের সমর্থন প্রয়োজন। আর আমি নিশ্চিত যে, এটা আমাদের শীর্ষে থেকে ক্লাব বিশ্বকাপে যাওয়ার জন্য তিন পয়েন্ট পেতে সাহায্য করবে।”

সব কিছুর পরও লিগে বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচটি খুব একটা সহজ হবে না বলেই মনে করেন এনরিকে।

“অনেক সতর্কতা নিয়ে আমরা ম্যাচটির প্রস্তুতি নিচ্ছি। …আমরা দেপোর্তিভোকে বিশ্লেষণ করেছি এবং গত মৌসুমে মুখোমুখি হওয়া সেই একই দল নেই তারা। তাদের কোচ একই আছে, কিন্তু খেলোয়াড় ভিন্ন এবং তারা কঠিন পরিশ্রম করছে।”

পরিসংখ্যানে তাকালেও গত মৌসুমের সঙ্গে এবারের দেপোর্তিভোর পার্থক্যটা টের পাওয়া যায়। গত মৌসুমের শেষ ম্যাচে কাম্প নউ থেকে ২-২ গোলে ড্র করে ফিরতে পারায় অবনমন থেকে বেঁচে যায় তারা। আর এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে খেলা সাত ম্যাচের একটিতেই হেরেছে দেপোর্তিভো। বাকি ৬ ম্যাচের তিনটিতে জয়, তিনটি ড্র।

অন্যদিকে এ মৌসুমে ঘরের মাঠে খেলা সাত ম্যাচের সবকটিতেই জিতেছে বার্সেলোনা।