২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়াতে খুদে ফুটবলারদের বড় জয়

মালয়েশিয়ার সুপার মক কাপে দারুণ একটি দিন কাটিয়েছে বাংলাদেশের খুদে ফুটবলাররা। বাংলাদেশের অনূর্ধ্ব-১২ ও ১৩ দল বড় জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 08:45 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার কেএলএফএ সেন্টার টার্ফে দক্ষিণ কোরিয়ার সুবন এস. বি উইংয়কে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
 
মক কাপের প্লেট পর্বের প্রথম ম্যাচে প্রথমার্ধেই জিহান, আমিত ও ফাহিমের গোলে স্কোরলাইন ৩-০ করে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জিহান ব্যক্তিগত দ্বিতীয় গোল করার পর রাজা লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় জাকারিয়া বাবুর দলের।
 
বাফুফের পাঠানো বার্তায় কোচ জাকারিয়া বাবু শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানান।
 
“দলের খেলা আজ খুবই ভালো ছিল। ছেলেরা ছন্দে ফিরেছে। গোলমুখে পাওয়া সব সুযোগই তারা কাজে লাগিয়েছে, যেটা আগের ম্যাচগুলোয় ছিল না।”
 

একই দিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল দক্ষিণ কোরিয়ার জিওজি কিমজিনগুইকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেয়।  মালয়েশিয়ার মে ব্যাঙ্ক একাডেমি টার্ফে রাশেদুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর পর সীমান্ত ও আরাফাত লক্ষ্যভেদ করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারভেজ বাবুর শিষ্যরা। দ্বিতীয়ার্ধে রাশেদুল ও সীমান্তের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। এর পর দক্ষিণ কোরিয়ার দলটি স্কোরলাইন ৫-১ করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ মুহূর্তে মেহেদীর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। শিষ্যদের খেলায় দারুণ খুশি কোচ পারভেজ বাবু বলেন, “আজ আমাদের দল খুবই ভালো খেলেছে। বড় জয় পাওয়ার জন্য সবাই নিজেদের সেরাটা দিয়েছে। সামনের ম্যাচগুলোতেও ভালো করার আশা আছে আমাদের।”