২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো ফলের আশায় মালয়েশিয়া যাচ্ছে খুদে ফুটবলাররা

মালয়েশিয়ার সুপার মক কাপে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলে ভালো ফল পাওয়ার আশা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও ১৩ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 06:59 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

আগামী রোববার মালয়েশিয়ার পথে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও ১৩ দল। আগের দিনের সংবাদ সম্মেলনে এ টুর্নামেন্ট নিয়ে লক্ষ্যের কথা জানান দুই অধিনায়ক ইয়াসিন আরাফাত ও ফাহিম মোর্শেদ।
 
সিলেট ফুটবল একাডেমিতে সপ্তাহ তিনেক প্রস্তুতির কথা জানিয়ে অনূর্ধ্ব-১২ দলের অধিনায়ক ইয়াসিন বলেন, “আমরা ভালো অনুশীলন করেছি। ভালো খেলার চেষ্টা করব।”
 
অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক ফাহিম মোর্শেদ ভালো ফলের স্বপ্ন দেখছেন। বাফুফের টার্ফে চার সপ্তাহের প্রস্তুতিতে সন্তুষ্ট অধিনায়ক বলেন, “আমাদের দল যথেষ্ট ভালো। মালয়েশিয়াতে আমরা ভালো ফলাফল করতে চাই। আমার দলে ভালো মানের খেলোয়াড় আছে। অধিনায়ক হিসেবে আমার চাওয়া-দল যেন সেমি-ফাইনাল, ফাইনালে ওঠে।”
 
অনূর্ধ্ব-১২ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়ার দুই দল সিউল সিনড্যাপ ও জিওজে কিমজিংগুই আর স্বাগতিক দেশের মালয়েশিয় কগার্স ও জেয়োনসা।
 
অনূর্ধ্ব-১৩ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পোহাং স্টেলার্স, জাপানের গাম্বা ওসাকা ও থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেড।
 
দুই কোচ মোস্তফা আনোয়ার পারভেজ ও জাকারিয়া বাবু টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানান। অবশ্য ফলের চেয়ে দুই কোচ জোর দিচ্ছেন ইয়াসিন-ফাহিমদের অভিজ্ঞতা অর্জনের দিকে। বাইরের দেশের দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা এই উঠতি ফুটবলারদের আগামী দিনে কাজে লাগবে বলেই বিশ্বাস পারভেজ-জাকারিয়ার।
 
মালয়েশিয়ার এই আসরে খেলতে যাওয়ার জন্য দুই অনূর্ধ্ব দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ম্যাক্স গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনেও উঠতি ফুটবলারদের বেড়ে ওঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে থাকবেন তিনি।