২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

ভিয়েতনামের হো ট্রাম ওপেনে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা আগেভাগে বন্ধ হয়ে যাওয়ার আগে তিনটি বার্ডি করেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 08:09 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শুক্রবার দ্বিতীয় রাউন্ডে খেলা বন্ধের আগে নয় হোলের খেলা শেষ করেন সিদ্দিকুর। তিনটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও একটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন তিনি।
 
দুই রাউন্ড মিলিয়ে এ মুহূর্তে পারের চেয়ে চার শট কম খেলে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে একাদশ স্থানে আছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে এখনও তার নয় হোলের খেলা বাকি।
 
প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১১ জনের সঙ্গে যৌথভাবে ৩৩ স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
 
১৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে ছিলেন চাইনিজ তাইপের লিন ওয়েন-ট্যাং।