জুনিয়র হকিতে ওমানকে ফের হারাল বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপ হকিতে ওমানকে ফের হারিয়েছে বাংলাদেশ। টাইব্রেকারে অসীমদের জয়টি ৩-২ গোলের।
মালয়েশিয়ার কুয়ানতানে শনিবার ওমান ও বাংলাদেশের স্থান নির্ধারণী ম্যাচটি ২-২ সমতায় শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। সিটুল ফরহাদ, সাব্বির হোসেন ও ফজলে রাব্বির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব হারুনের দল।
টাইব্রেকারে ওমানের তিনটি শট রুখে দিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন অধিনায়ক ও গোলরক্ষক অসীম গোপ।
জুনিয়র হকির এবারের আসরে এ নিয়ে ওমানকে দ্বিতীয়বার হারালো বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে দলটির বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছিল খোরশেদ-সারোয়াররা।
শনিবার পেনাল্টি কর্নার থেকে রোমান সরকারের গোলে এগিয়ে বিরতিতে যায় তারা বাংলাদেশ।
৬৪তম মিনিটে সমতায় ফেরার তিন মিনিট পর ২-১ গোলে এগিয়ে যায় ওমান। ৭০তম মিনিটে বাংলাদেশের মিলন হোসেন ফিল্ড গোল থেকে সমতা ফেরালে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
আগামী রোববার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ।
