২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলি-কলম্বিয়া ড্র, হারল উরুগুয়ে

কলম্বিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম পয়েন্ট হারাল চিলি। অন্য ম্যাচে নিজেদের মাঠে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়েছে একুয়েডর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 02:04 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে কলম্বিয়া।
 
টানা ৭টি ম্যাচ জিতে কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচ খেলতে নেমেছিল চিলি। শুরু থেকে ভালো ফুটবল খেললেও জয়ের ধারা আর ধরে রাখতে পারল না তারা।
 
প্রথমার্ধের শেষ দিকে মাতিয়াস ফের্নান্দেসের ফ্রি-কিক কলম্বিয়ার ডি-বক্সের মধ্যে খুঁজে পায় আর্তুরো ভিদালকে। লাফিয়ে উঠে ছয় গজ দূর থেকে অসাধারণ এক হেডে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার।
 
চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেস মাঝেমধ্যেই তার ঝলক দেখাচ্ছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা দলকে সমতায় ফেরান ৬৮তম মিনিটে। 
 
বাঁ প্রান্ত দিয়ে চিলির পেনাল্টি বক্সের মধ্যে ঢোকা মুরিয়েলের শট এক খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার পর তিনি বল বাড়ান মাঝে থাকা হামেসকে। এক ডিফেন্ডারের দু পায়ের ফাঁক দিয়ে নিচু শটে তা ডান পোস্ট ঘেষে জালে ঢোকান এই মিডফিল্ডার।
 
এই ড্রয়ের পর ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে চিলি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে পঞ্চম স্থানে।  
 
শুক্রবার নিজেদের মাঠে উরুগুয়েকে ২-১ গোলে হারানো একুয়েডর পয়েন্ট তালিকার শীর্ষে আছে। আর্জেন্টিনাকে হারিয়ে বাছাইপর্ব শুরু করা দলটি ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট পেয়েছে।  ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে।
 
ঘরের মাঠে ফেলিপে কাইসেদোর গোলে ২৩তম মিনিটে এগিয়ে যায় একুয়েডর। এদিনসন কাভানির গোলে ৪৯তম মিনিটে সমতায় ফেরে উরুগুয়ে। এর ১০ মিনিট পর একুয়েডরের জয়সূচক গোলটি করেন মার্তিনেস।  
 
শুক্রবার আরেক ম্যাচে নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে ৪-২ গোলে হারায় বলিভিয়া। 
 
আর বুয়েনস আইরেসে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই এক দিন পিছিয়ে গেছে। বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল ৬টায় হবে ‘সুপার ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচটি।