২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারও অনুপস্থিতি নিয়ে চিন্তিত নন মামুনুল

তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এবারের ম্যাচে নির্ভরযোগ্য অনেক খেলোয়াড়ই নেই বাংলাদেশ দলে। তবে অধিনায়ক মামুনুল ইসলামের বিশ্বাস, কারও অনুপস্থিতির প্রভাব পড়বে না তার দলের ওপর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:06 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

ফর্মের বিবেচনায় অভিজ্ঞ জাহিদ হাসান এমিলি ও জাহিদ হোসেন বাদ পড়া আর জন্ডিসের কারণে জুয়েল রানার ছিটকে যাওয়াটা বাংলাদেশের আক্রমণভাগের শক্তি কমিয়েছে।

আগের ম্যাচে হলুদ কার্ড পাওয়া ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে দলে রাখা হয়নি ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের কথা বিবেচনায় রেখে।

নির্ভরযোগ্য এই খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও অধিনায়ক মামুনুল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আশার কথা শোনালেন। সতীর্থদের জানিয়ে দিলেন একান্ত চাওয়াটা।

“দলের শক্তি আগের মতোই আছে এবং আমার বিশ্বাস, কারও অনুপস্থিতির প্রভাব পড়বে না। আমি (তাজিকিস্তানে) জিততে চাই। জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

কয়েক দিন আগে শেষ হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আলো ছড়ান জাহিদ; হ্যাটট্রিকসহ মোট চার গোল করেন এই ফরোয়ার্ড। এমিলি গোল না পেলেও চট্টগ্রাম আবাহনীর শিরোপা জয়ে ভালো ভূমিকা রাখেন।

জুয়েলের অনুপস্থিতিতে ক্লাব কাপে ঢাকা মোহামেডানকে টেনে নেওয়ার ভার ছিল নাবিব নেওয়াজ জীবনের কাঁধে। দল সেমি-ফাইনালে উঠলেও জীবনের গোল মাত্র একটি। তরুণ এই ফরোয়ার্ড গোলের সুযোগ হারানোর আলোচনাতেই ছিলেন। জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলা জীবনকে নিয়ে অবশ্য আশাবাদী মামুনুল।

“কিরগিজস্তানের বিপক্ষে সে (জীবন) কিন্তু খারাপ করেনি। গোল না পেলেও প্রথম ম্যাচে সে ভালো খেলেছিল; ওই ম্যাচ থেকে সে অভিজ্ঞতাও অর্জন করেছে। আমার বিশ্বাস, এবার সে তাজিকিস্তানের বিপক্ষে আরও ভালো করবে।”

“আসলে যে-ই খেলুক, তকলিস, সোহেল বা আমি-উপরের দিকে আমরা সেরা পারফর্মটা করতে পারলে (ফল) ভালো হবে”, যোগ করেন তিনি।

তাজিকিস্তানে গিয়ে টার্ফে (কৃত্রিম ঘাসের মাঠ) খেলতে হবে। এ কারণে গত ২৮ অক্টোবর থেকে বাফুফের টার্ফে করা অনুশীলন নিয়ে ‘মোটামুটি’ খুশি মামুনুল।

“কমলাপুর স্টেডিয়ামের টার্ফে অনুশীলন করতে পারলে আরও ভালো হতো। তবে যে প্রস্তুতি হয়েছে; আমি ‍খুশি।”

তাজিকিস্তানের ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও আশাবাদী অধিনায়ক, “ছয় দিন আগে আমরা সেখানে যাচ্ছি। অনেকটা সময় হাতে নিয়ে যাওয়ায় আশা করি, সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব। এছাড়া এর আগে আমরা কিরগিজস্তানেও ঠাণ্ডায় খেলেছি; সমস্যা হবে না।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচে আগামী বৃহস্পতিবার স্বাগতিক তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে আগামী শুক্রবার বেলা ১১টায় তাজিকিস্তানের পথে রওনা দেবেন মামুনুলরা।

বাছাইয়ে ১৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপে শীর্ষে রয়েছে জর্ডান। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া। কিরগিজস্তান (৮ পয়েন্ট) তৃতীয় আর তাজিকিস্তান (২) চতুর্থ। এক পয়েন্ট পাওয়া বাংলাদেশ পাঁচ দলের মধ্যে পঞ্চম।