২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল বাঁচাতে ‘সুপারউইম্যান’ সেরেনা

রেঁস্তোরায় খেতে গিয়ে নিজের মোবাইল ফোনসেটটি খোয়াতে বসেছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু ফোন নিয়ে চলে যাওয়া লোকটিকে ধাওয়া করে ঠিকই ধরে ফেলেন মেয়েদের টেনিসে বর্তমানের শীর্ষ এই তারকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

এই ঘটনার অভিজ্ঞতা ফেইসবুকের সাহায্যে সবার সঙ্গে ভাগ করে নেন সেরেনা। 
 
“গতকাল ডিনারে আমার জীবনে সবচেয়ে উদ্ভট ঘটনাটি ঘটে।”
 

চোটের কারণে কোর্টের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই তারকা জানান, একটা লোক তার ফোনটি নিয়ে দ্রুত রেঁস্তোরা থেকে বেরিয়ে পড়ে। “চিন্তা না করে আমি প্রতিক্রিয়া দেখাই। আমি লাফিয়ে উঠি। রেঁস্তোরায় (এক বা দুইটা চেয়ার ডিঙিয়ে) এঁকেবেঁকে এগিয়ে যাই এবং আমি তাকে তাড়া করে ধরে ফেলি।” উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের ধারণা, ওই লোক বুঝতেই পারেননি যে এভাবে ধরা পড়বেন। পরে লোকটি দাবি করেন, তিনি ভুল করে সেরেনার ফোনটি তুলে নিয়েছেন। সাহসী এই পদক্ষেপের জন্য সেরেনাকে ডিনারে যাওয়া সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানায়। ফেইসবুকে স্ট্যাটাসের সঙ্গে সেরেনা ‘সুপারউইম্যান’ এর পোশাক পরা তার ছবি দেন। ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা তার স্ট্যাটাসের শেষ দিকে নারীদের একটি পরামর্শও দেন। “তুমি একজন নারী বলে যে কোনো চ্যালেঞ্জে এগিয়ে আসতে ভয় পেও না। অপরাধের শিকার না হয়ে বরং নায়ক হও!”