২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিসভের বিপক্ষে জয়ের সঙ্গে উন্নতিতে চোখ বার্সার  

শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করার জন্য জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বার্সেলোনা। বাতে বরিসভের বিপক্ষে ম্যাচে নিজেদের খেলায় উন্নতির ধারাটাও ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছেন ক্লাবটির কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 11:49 AM

Updated : 12 Oct 2022, 04:22 PM

নিজেদের মাঠ কাম্প নউতে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। 
 
বেলারুশের ক্লাবটির বিপক্ষে এই ম্যাচ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেতে পারে। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে তার দলের সেই লক্ষ্যের কথাই জানান। 
 
“লক্ষ্য হচ্ছে (নকআউট পর্বে) ওঠা। আর এটা আমরা গ্রুপের শীর্ষে থেকেই যেতে চাই। গ্রুপটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং যে কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে, আমাদের অবশ্যই এই বার্তা দিতে হবে যে, আমরা প্রস্তুত।”
 

৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুজেন আছে দ্বিতীয় স্থানে। আর বার্সেলোনার বুধবারের প্রতিপক্ষ রয়েছে তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট ৩। ২ পয়েন্ট নিয়ে এএস রোমার অবস্থান সবার নিচে।  বার্সেলোনার এই অবস্থান নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান এনরিকে। “এটাতে বোঝা যায় দল ভালো খেলছে। অবস্থান নিয়ে আমি যথেষ্ট খুশি।” বরিসভের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী এনরিকে এই ম্যাচ ঘিরে নিজের আরও একটি লক্ষ্যের কথা জানান।  “বেলারুশে যে জায়গাগুলোয় ভালো করেছিলাম, ম্যাচের সেই ক্ষেত্রগুলোয় উন্নতি করে যেতে চাই আমরা।” ইভান রাকিতিচের জোড়া গোলে বরিসভের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। দুটি গোলেই সহায়তা করেন নেইমার।