২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেভিয়াকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

দুই সপ্তাহের ব্যবধানে সেভিয়াকে আবারও হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠে গেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 04:14 AM

Updated : 12 Oct 2022, 04:22 PM

সেভিয়ার মাঠে ফিরতি লেগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ইংল্যান্ডের ক্লাবটি। সবগুলো গোলই হয় প্রথমার্ধে।

রাহিম স্টার্লিং ও ফের্নানদিনিয়োর গোলে শুরুতেই ২-০ এ এগিয়ে যায় ইংল্যান্ডের ক্লাবটি। বেনুইত ত্রেমোলিনাচ একটি গোল শোধ করলেও খানিক বাদে ফের সিটিকে এগিয়ে নেন উইলফ্রেদ বোনি।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে দুর্দান্ত শুরু করা সিটি দুই মিনিট ৪৯ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোলে এগিয়ে যায়।

শুরু থেকেই আক্রমণে ওঠা সিটি প্রথম গোলের দেখা পায় অষ্টম মিনিটে। ফের্নানদিনিয়োর দারুণ রক্ষণচেরা পাস পেয়ে দুরের পোস্ট ঘেষে কোনাকুনি শটে বল জালে জড়ান স্টার্লিং।

এই মৌসুমেই লিভারপুল থেকে ইতিহাদের ক্লাবটিতে যোগ দেওয়া ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের ইউরোপ সেরার আসরে এটাই প্রথম গোল।

দ্বিতীয় গোলটি পেতে পারতেন উইলফ্রেদ বোনি। কিন্তু কোত দি ভোয়ার এই ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক; তবে পুরোপুরি বল বিপদমুক্ত করতে পারেননি। তা পেয়ে যান প্রথম গোলে অবদান রাখা ফের্নানদিনিয়ো। চোখের পলকে হেডে লক্ষভেদ করেন ব্রাজিলের এই মিডফিল্ডার।  

ত্রয়োদশ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যায় সেভিয়া। স্প্যানিশ মিডফিল্ডার হেসুস নাভাসের শট পোস্টে লাগে।

শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও খেই না হারিয়ে দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠে সেভিয়া। সাফল্যও পেয়ে যায় তারা, ২৫তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার কোকের ক্রসে ফাঁকায় দাঁড়ানো ফরাসি ডিফেন্ডার বেনুইত ত্রেমোলিনাচ হেড করে ব্যবধান কমান।

লড়াইয়ে ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি সেভিয়ার। ৩৬তম মিনিটে নাভাস-বোনির দারুণ বোঝাপড়ায় ব্যবধান ফের বাড়িয়ে নেয় সিটি।

ডান দিক থেকে বল পায়ে নাভাস ভিতরে ঢুকে পাস দেন বোনিকে। ডি বক্সের মধ্যে থেকে দারুণ ওই পাস পেয়ে কোনো ভুল করেননি তিনি, ডান পায়ের নিচু শটে ডান কোণা দিয়ে বল জালে জড়ান।

স্টার্লিংয়ের মতো বোনিরও এটা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল।

দ্বিতীয়ার্ধেও স্টার্লিংয়ের গতিময় ফুটবলে সেভিয়ার রক্ষণে চাপ ধরে রাখে সিটি। তার দারুণ দুটি পাস ফের্নানদিনিয়ো ও বোনি কাজে লাগাতে পারলে এই অর্ধের প্রথম ১০ মিনিটেই ব্যবধান আরও বড় হতে পারতো।

বাকি সময়েও আর কোনো গোল না হওয়ায় সহজ জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিটি।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটি। ইউভেন্তুসের কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু করা পেল্লেগ্রিনির দলটি পরের দুই রাউন্ডে যথাক্রমে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ও সেভিয়াকে একই ব্যবধানে হারিয়েছিল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুস ও জার্মানির মনশেনগ্লাডবাখের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এই ড্রয়ে শীর্ষস্থান হারানো ইউভেন্তুসের পয়েন্ট চার ম্যাচে ৮। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে মনশেনগ্লাডবাখ।